সাথী দাস, পুরুলিয়া, ২৯ মার্চ: শেষ পর্যন্ত ৭ বছর পর বাড়ি ফিরল ডাইনি অপবাদে মাতব্বরদের অত্যাচারে ভিটে ছাড়া পরিবার। পুরুলিয়া সদর থানার আইসি মানস সরকার ওসির দায়িত্ব পেতেই খবর পেয়ে তাঁদের ফেরাতে উদ্যোগ নিয়েছিলেন কয়েক দিন আগে। অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ২০১৫ সালের পুরুলিয়া শহরের ১৬ নম্বর ওয়ার্ডের খেজুরিয়া ডাঙ্গার এই ঘটনা।

২০১৫ সাল থেকে কয়েকজন স্থানীয় মাতব্বর মহিলাদের ডাইনি অপবাদ দিয়ে অত্যাচার করতো। ওরা এতটাই ক্ষমতাশালী যে স্থানীয়রা কেউও কোনো প্রতিবাদ করতে পারে না। বিজ্ঞান মঞ্চ ও শিক্ষিত গুণীজনরা চেষ্টা করে কিছু দিন বন্ধ থাকে আবার অত্যাচার শুরু করে তারা। শেষ পর্যন্ত বাড়ি ছাড়তে হয় ওই পরিবারকে। একজন মহিলা তার ছেলে মেয়ে, স্বামীকে নিয়ে ৬ দিন ঘর ছাড়া। অত্যাচারিত পরিবার খুবই গরিব এবং অসহায়। চলতি সপ্তাহের সোমবার ওই পরিবার ফের বাড়িতে ফিরলে নতুন করে অত্যাচার করে মাতব্বররা। পুরুলিয়া সদর থানার পুলিশ বানেশ্বর রাজোয়ার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। তার পাঁচ দিনের পুলিশ হেফাজত হয়।
সোমবার রাত্রে বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা সম্পাদক পেশায় চিকিৎসক নয়ন মুখার্জি সহ অন্যান্য সদ্যরারা ওই অত্যাচারিত নিপীড়িত পরিবারের বাড়ি যান। সঙ্গে ছিলেন পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি, সদর থানার ওসি, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতির্ময় ব্যানার্জি প্রমুখ। ছিল বিশাল পুলিশ বাহিনী।

নয়ন মুখার্জি বলেন, “পরিবারের সবাই বাড়ি ফিরেছেন। প্রতিবেশীরাও তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা বিজ্ঞান ও যুক্তিবাদী খুব শীঘ্রই ওই এলাকায় সচেতনতামূলক শিবির করব।”

