স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৭: রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে রায়গঞ্জ শহর পুরোপুরি লকডাউন করতে পথে নামল রায়গঞ্জ থানার পুলিশ ও রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার লকডাউন অমান্য করে রাস্তায় চলাচল করার জন্য বেশকিছু অটোরিকশা ও টোটো আটক করে পুলিশ। পাশাপাশি লকডাউন মেনে চলার জন্য রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে মাইকিং শুরু হয়েছে। রায়গঞ্জের রাজপথে নেমেছেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য কাউন্সিলরা।
করোনার সংক্রমণ প্রতিরোধে গত বুধবার থেকেই রায়গঞ্জ শহরে লকডাউন জারি হলেও বেশকিছু ব্যাবসায়ী থেকে সাধারন মানুষ এবং টোটো ও অটোচালকরা লকডাউন অমান্য করে চলেছেন। বৃহস্পতিবার লকডাউন অমান্য করে রাস্তা চলাচল করার কারনে ৩৫ টি টোটো এবং ৩টি অটোরিকশা আটক করে রায়গঞ্জ থানার পুলিশ। এর পাশাপাশি লকডাউন সফল করতে পথে নামে রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ।

রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, রায়গঞ্জ শহরের ব্যাবসায়ী থেকে সাধারন মানুষ দাবি করেছিলেন রায়গঞ্জ শহর পুরোপুরি লকডাউন করার। সেই দাবিকে মেনেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর রায়গঞ্জ শহরের পুর এলাকা সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তকে কার্যকর করতেই পথে নেমেছে রায়গঞ্জ পুরসভা পরিবার।


