জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ অক্টোবর: লাতেহার জেলার চাঁদবা থানা এলাকার জরমা পাহাড়ের পিছনে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ এবং টিপিসি উগ্রবাদীদের মধ্যে গুলিযুদ্ধ হয়েছে। উভয়পক্ষের মধ্যে প্রায় এক ঘন্টা গুলি বিনিময় হয়। ঘটনায় কয়েকজন মাওবাদী আহত হয়েছে বলে সিআরপিএফ সূত্রে জানা গেছে। গুলি বিনিময়ের পর উগ্রবাদীদের দলটি গভীর জঙ্গলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এসএলআর, তিনটি ম্যাগাজিন, ৫০ রাউন্ড কার্তুজ, মোবাইল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে।
জানা গেছে গোপন সূত্রে মাওবাদীদের অবস্থানের খবর পেয়ে লাতেহার থানার আধিকারিক অমিত কুমার গুপ্তা এবং চাঁদবা থানার আধিকারিক আনন্দ কুমার সিং বিশাল পুলিশবাহিনী নিয়ে জরমা জঙ্গলে সার্চ অপারেশন শুরু করেন। এই সময় উগ্রপন্থীরা পুলিশকে লক্ষ্য করে ফায়ারিং শুরু করে। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় পুলিশ বাহিনী। এরপর পিছু হটে জঙ্গলের মধ্যে পালিয়ে যায় উগ্রবাদী দলটি।

