স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ জানুয়ারি: পূর্বের করোনা সম্পূর্ণরূপে সামাল দেওয়ার আগেই এ রাজ্যে আবারো নতুন ভেরিয়েন্ট ওমিক্রন থাবা বসিয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী থেকে প্রায় প্রত্যেক রাজ্যকেই বিশেষ সর্তকতা অবলম্বন করতে বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীও, দুয়ারে সরকার সহ বেশ কিছু সরকারি অনুষ্ঠান বাতিল করেছেন। আসন্ন পৌর নির্বাচন উপলক্ষ্যে সমস্ত রকম কর্মিসভা বাতিল হয়েছে বলেই জানা যায় দলীয় সূত্রে।

সদ্য সমাপ্ত ক্রিসমাস এবং বর্তমান চলতি পিকনিকের মরশুমে শিকেয় উঠেছে স্বাস্থ্যবিধি। যদিও সাধারণ মানুষের একাংশের দাবি, নিয়মিত প্রশাসনিক টহলদারি না থাকার ফলেই এই ঢিলেমি। প্রশাসনিক সূত্রে জানা যায়, সাধারণ মানুষের সচেতনতার দায়িত্ব তাদের নিজেদের রাখা উচিত। এ বিষয়ে অতি তৎপর হলেও অতীতে সমালোচিত হতে হয়েছে প্রশাসনকে। তবে আজ কৃষ্ণনগর প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ প্রচার অভিযান চালানো হল ওমিক্রনের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার। আজ কেউ গ্রেপ্তার না হলেও জিজ্ঞাসাবাদের জন্য অনেককেই নিয়ে যাওয়া হয় থানায়।
অন্যদিকে নাকাশিপাড়ায় আজ চলবে প্রচারাভিযান। কাল থেকে ধরপাকড় শুরু হবে বলে বিশেষ সূত্রে জানাগেছে। রবিবার রানাঘাট, চাকদা এবং শান্তিপুর থানার পক্ষ থেকেও এ ধরনের প্রচার অভিযান লক্ষ্য করা গেছে শান্তিপুর শহর এবং ব্লকের বিভিন্ন জায়গায়।

