পুলিশ তৃণমূলের ক্যাডারের মতো কাজ করছে: দিলীপ ঘোষ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: রাজ্যের পৌরসভা নির্বাচনে পুলিশ তৃণমূলের ক্যাডারের মত কাজ করছে বলে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। শনিবার তিনি রাজধানী এক্সপ্রেসে বেলা পৌনে বারোটা নাগাদ মেদিনীপুরের হিজলি স্টেশনে নামেন। সেখানে তিনি বিধাননগর ও শিলিগুড়ি পৌরসভার নির্বাচনে বহিরাগতদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এজন্যই রাজ্যের নির্বাচনে আমরা বারবার কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছি। পৌরসভা নির্বাচনেও আমরা তা আশা করেছিলাম, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে এত ভুয়ো ভোটার এসেছে যে আমাদের প্রতিনিধি এবং সংবাদমাধ্যম তাদের তাড়া করে ধরেছে। পুলিশকে সক্রিয় দেখতে পাওয়া যাচ্ছে না। এরজন্যই আমরা বলেছিলাম পুলিশ থাকলেও ভোট হবে না। কারণ পুলিশ টিএমসির ক্যাডারদের মতন কাজ করছে। আমাদের কর্মীদের আটকানো, ভয় দেখানো,  সবই চলছে। এটা মোটেও শান্তিপূর্ণ ভোট নয়। তাই পশ্চিমবাংলার জন্য আমরা সব সময় কেন্দ্রীয় বাহিনী দাবি করি। আমরা জানি, পুলিশের উপরে ভরসা নেই। পুলিশের সামনে এ সমস্ত উল্টোপাল্টা কাজ হচ্ছে, লুটপাট চলছে। পশ্চিম মেদিনীপুর জেলাতে এভাবে আমরা ভোট লুট করতে দেব না।

দিলীপ ঘোষ বলেন, আপনারা দেখেছেন জোর করে আটকে রেখে মনোনয়নপত্র জমা না দিতে দিয়ে কিভাবে তিন-চারটি পুরসভায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিতেছে তারা। পুলিশের সামনেই মারপিট হচ্ছে, পুলিশ লাঠি চালাচ্ছে। এসব তো হওয়ারই ছিল। বিধাননগর এবং আসানসোলে সব থেকে বেশি হিংসা হচ্ছে। 

আসানসোলে তৃণমূল প্রার্থীর গাড়িতে পুলিশের স্টিকার লাগানো প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমি বলেছি পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। তাই পুলিশের গাড়িতে টিএমসির স্টিকার এবং টিএমসির গাড়িতে পুলিশের স্টিকার তো থাকবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *