আশিস মণ্ডল, আমাদের ভারত, সিউড়ি, ১ এপ্রিল: কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিজেপির বুথ সভাপতিদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশের হুমকির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সিউড়িতে। খবর পেয়ে তড়িঘড়ি বুথ সভাপতির বাড়ি পোঁছে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। বিক্ষোভের মুখে পিছু হঠে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনাটি ঘটেছে সিউড়ির ১৬ নম্বর ওয়ার্ডের ১৬৮ নম্বর বুথে।
ওই বুথের বিজেপি সভাপতি উপেন দাস। বুধবার বেলার দিকে সিউড়ি থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে উপেন দাসের বাড়িতে গিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। খবর পেয়ে সেখানে ছুটে যান বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। এরপরেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বিজেপি কর্মী সমর্থকরা পুলিশকে তৃণমূলের দালাল, চটি চাটা বলে কটাক্ষ করতে থাকেন। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানানোর হুমকি দিয়েছেন বিজেপি প্রার্থী।
জগন্নাথবাবু বলেন, “কয়েক দিন ধরে সিউড়ি থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির বুথ সভাপতিদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারে না বেরানোর জন্য হুমকি দিয়ে আসছে। আমরা এদিন খবর পেয়ে এলাকায় গিয়ে দেখি পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে বুথ সভাপতির বাড়িতে দাঁড়িয়ে রয়েছে। আমরা প্রতিবাদ করতেই তারা ধীরে ধীরে এলাকা ছাড়ে। আমরা পরিস্কার জানিয়ে দিয়েছি তৃণমূলের কথায় বিজেপির বুথ সভাপতিদের হুমকি দিলে ছেড়ে কথা বলবো না। প্রয়োজনে কমিশনের সর্বচ্চস্তরে লিখিত অভিযোগ জানাব”।
বুথ সভাপতি উপেন দাস বলেন, “আমরা খেটে খাওয়া মানুষ। ফলে সব সময় বাড়িতে থাকি না। এদিন বাড়ি থেকে পুলিশ আসার খবর পেয়ে বাড়িতে আসি। পুলিশ আমাকে হুমকি দিয়ে বলে প্রচারে বের হবেন না। কিন্তু আমরা বিজেপি কর্মী। প্রচারে তো বের হবোই। এভাবেই পুলিশ মাঝে মধ্যে হুমকি দিয়ে যাচ্ছে”।
একই অভিযোগ ১৭১ নম্বর বুথের সভাপতি গোপাল দাসের। তিন বলেন, “সিউড়ি থানার পুলিশ ৪০-৫০ জন কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে আমার বাড়িতে মহিলাদের হুমকি দিয়ে আসে। শাসিয়ে যায় যে বাড়ি থেকে কেউ প্রচারে বের হবেন না। তৃণমূল পুলিশকে ব্যবহার করছে”।
তৃণমূলের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, “পুলিশকে হুমকি দেওয়া বিজেপির সংস্কৃতি। তারা ভাবছে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করবে। ওদের কাছে কমিশন ছাড়া কেউ নেই।”

