পুরুলিয়া শহরে উপেক্ষিত কবি নজরুল

সাথী দাস, পুরুলিয়া, ২৯ আগস্ট: পুরুলিয়া শহরে উপেক্ষিত থাকলেন ‘বিদ্রোহী কবি’ নজরুল। পুরুলিয়া পুরসভার অন্তর্গত সাহেব বাঁধ লাগোয়া ‘ওপেন এয়ার
জিম।’ আর সেখানেই ৮ বছর আগে ঘটা করে কবির আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছিল। আজ তাঁর প্রয়াণ দিবসে একটি ফুল দিয়ে শ্রদ্ধাও জানানো হয়নি। রাস্তা দিয়ে মানুষের যাতায়াত হয়েছে। তাঁদেরও চোখে পড়েনি এই মূর্তি। পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে জানানো হল না সন্মান। স্মরণ করা হল না কবি কাজী নজরুল ইসলামকে। এই উপেক্ষা কাম্য নয় বলে মনে করছেন সাধারণ মানুষ।

পুরুলিয়া শহর ছাড়াও জেলা জুড়ে মনিষী ও মহাপুরুষের মূর্তি স্থাপন করা হয়েছে। তার উপযুক্ত রক্ষণাবেক্ষণ বা বিশেষ দিনে মর্যাদার সঙ্গে স্মরণ কোনওটাই হয় না বলে অভিযোগ রয়েছে। এই ক্ষেত্রে ব্যতিক্রম থাকলো না পুরসভা এলাকার কাজী নজরুল ইসলামের এই মূর্তি। পুর কর্তৃপক্ষের কাছে হিসেবেই নেই কোথায় কোথায় মূর্তি স্থাপন করা হয়েছে।

এই মূর্তি স্থাপনের অন্যতম উদ্যোক্তা ছিলেন প্রাক্তন কাউন্সিলর দেবাশীষ চ্যাটার্জি। তিনি ‘দুয়ারে সরকার’ এর কাজে ব্যস্ত রয়েছেন বলে জানান। তবে তিনি আক্ষেপের সুরে বলেন, “এটা কাঙ্খিত নয়। সময় পেলে যখনই হোক শ্রদ্ধা জানাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *