আমাদের ভারত, ১ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রবিবার ২০২৬- এর বাজেট ঘোষণা করেছেন। যার ভুয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেটকে দেশের যুবসমাজের স্বপ্নের বাজেট বলে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে এই বাজেটে মহিলাদের উন্নয়নের স্বার্থে, কৃষি ও শিক্ষার স্বার্থে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেছেন মোদী
ইতিমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে ভারত যে বাণিজ্য চুক্তি করেছে দেশের যুবসমাজ তার সুবিধা পেতে পারে। সেই কথা মাথায় রেখে বাজেট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রীর বাজেট পেশ করার পরই সমাজ মাধ্যমে পোস্ট করেন মোদী। সেখানে তিনি লেখেন, ১৪০ কোটি ভারতবর্ষের আকাঙ্খার প্রতিফলন এই বাজেট। দেশের সংস্কার যাত্রা এতে আরো শক্তিশালী হলো। বিকশিত ভারতের রোড ম্যাপ আরো স্পষ্ট হলো।
জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মোদী বাজেটের উন্নয়নমূলক দিকগুলি ব্যাখ্যা করে বলেন, সেমিকন্ডাক্টার, বায়ো ফার্মার মতো নতুন নতুন শিল্পকে এবারের বাজেটে যেভাবে সমর্থন করা হয়েছে তা অভূতপূর্ব। ভারতের বাণিজ্যিক চুক্তির সুবিধা যাতে দেশের যুবসমাজ পায় তা নিশ্চিত করেছে বাজেট।
বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোকে আরো মজবুত করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় বাজেট বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, বাজেট আমাদের শিল্পকে লোকাল থেকে গ্লোবাল হওয়ার সুযোগ করে দিয়েছে। এতে উন্নয়নের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। বাজেটের সমস্ত পদক্ষেপ আসলে বিকশিত ভারতের গতিকে বাড়িয়ে দেবে।
মোদী আরও বলেছেন, যে কোনো দেশে সবচেয়ে বড় পুঁজি তার নাগরিক। আমাদের সরকার সবসময় নাগরিকদের সামর্থের বৃদ্ধির জন্য উদ্যোগী হয়েছেন। এটা যুবশক্তির বাজেট, এখানে যুবদের স্বপ্ন ও সংকল্পের গতি রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা নেতৃত্ব, আলাদা আলাদা সৃষ্টি গড়ে উঠবে। দেশের যুবদের প্রতি আমার অভিনন্দন রইল, এর থেকে বেকারত্ব ঘুঁচবে।
প্রধানমন্ত্রীর মতে ভারতকে বেসিক ডেটা সেন্টার হাব হিসেবে গড়ে তোলার জন্য বাজেটে কর ছাড়ের ঘোষণা করা হয়েছে। সঙ্গে পর্যটন শিল্পের কথাও চিন্তা করা হয়েছে এই বাজেটে। বিশেষত বাজেটে উত্তর-পূর্ব ভারতের পর্যটনের উন্নয়নের জন্য আলাদা করে নির্মলা সীতারমণের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
মহিলাদের উন্নয়নের জোর দেওয়া হয়েছে বাজেটে। মোদী বলেন, আমাদের দেশের ১০ কোটির বেশি মহিলা এখন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তাদের জন্য একটা আধুনিক ইকোসিস্টেম কিভাবে বানানো যায় বাজেট তার ভাবনা রয়েছে। আমি চাই দেশের প্রতি ঘরে লক্ষ্মী আসুক। নির্মলার এই বাজেটের মাধ্যমে শিক্ষাও আগের চেয়ে সুলভ হবে বলে মনে করেছেন প্রধানমন্ত্রী।
কৃষি ক্ষেত্রে বাজেটের প্রতিফলন নিয়ে মোদী বলেছেন, আমাদের সরকার সবসময় দেশে কৃষক সমাজ মৎস্যজীবী ও দুগ্ধজাত পণ্যের শিল্পকে অগ্রাধিকার দিয়ে এসেছে। এই বাজেটেও নারকেল, কাজু, কোকো চাষে যুক্ত কৃষকদের কথা আলাদা করে ভাবা হয়েছে। এআই টুল ব্যবহার করে কৃষকরা নিজেদের কাজ আরো সহজ করে নিতে পারবেন বলে দাবি করেছেন তিনি। এবারের বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী এবং সংবেদনশীল বলে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী।

