সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ২৪ সেপ্টেম্বর: ডাকাতির ছক বানচাল করল পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনা গাইঘাটা থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম দীপক দাস ও আরিফ মন্ডল। তারা গাইঘাটা থানার গাতি ও তেঘরিয়ার বাসিন্দা। গতকাল রাতে চাঁদপাড়া ফুলসারা রোড থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এদিন রাতে পুলিশের কাছে খবর আছে একটি সাদা রঙের বোলেরো গাড়িতে কয়েক জন দুষ্কৃতী চাঁদপাড়া এলাকায় জড়ো হয়েছে। খবর পেয়ে ওই এলাকায় পুলিশ গেলে পুলিশ দেখে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। তাদের তাড়া করে পুলিশ গাড়িটিকে আটক করে এবং গাড়িতে থাকা দু’জনকে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে একটি লোহার রড, দুটি হাতুড়ি, একটি শাবল, দড়ি ও তালা কাটার মেশিন উদ্ধার হয়েছে। পুলিশের জেরায় ধৃতরা স্বীকার করেছে ওই এলাকায় তারা ডাকাতি উদ্দেশ্য জড়ো হয়েছিল। বাকিদের খোঁজ করছে পুলিশ। ধৃত দু’জনকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।

