আমাদের ভারত, ৩০ এপ্রিল:কংগ্রেসের সঙ্গে আলোচনা ভেস্তে গিয়েছে। কিন্তু কংগ্রেসের সঙ্গে আলোচনা শুরুর আগে ও পরে দেশের রাজনীতি নিয়ে তার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। কংগ্রেসের সঙ্গে আলোচনার আগেও যেমন তিনি বলেছিলেন, কোনও তৃতীয় ফ্রন্ট করে বিজেপিকে হারানো সম্ভব নয়। কংগ্রেসের সঙ্গে আলোচনা শুরুর পরেও সেই একই কথা বললেন পিকে। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন সম্ভাব্য তৃতীয় ফ্রন্ট যদি হয় তবে সেখানে অবশ্যই কংগ্রেসকে দরকার।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে পিকে স্পষ্ট করে দিয়েছেন কোনো তৃতীয়, চতুর্থ ফ্রন্ট বিজেপিকে হারাতে পারবে না। বিজেপিকে হারাতে হলে দ্বিতীয় ফ্রন্টই করতে হবে। পিকে-কে প্রশ্ন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় ফ্রন্ট তৈরিতে কি তিনি সাহায্য করছেন? জবাবে বলেন, আমি এতটা বোকা নই যে তৃতীয় ফ্রন্ট গড়তে সাহায্য করবো।
তার কথায়, কোনও তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট বিজেপিকে হারাতে পারবে না। এসব সংবাদমাধ্যমের পছন্দের কথা। বিজেপিকে হারাতে গেলে অবশ্যই দ্বিতীয় ফ্রন্ট হতে হবে। যদি তৃতীয় ফ্রন্ট হয় তাতে কি কংগ্রেস থাকবে? এই প্রশ্নের জবাবে প্রশান্ত বলেন, কংগ্রেস একা কখনও ফ্রন্ট নয় তবে কংগ্রেস নিঃসন্দেহে দেশের দ্বিতীয় বৃহত্তম দল।
কংগ্রেস প্রসঙ্গে পিকে বলেন, দেশের জন্য শক্তিশালী কংগ্রেস প্রয়োজন। শুধু আমি নই কট্টর বিজেপি সমর্থকরাও জানেন কংগ্রেসের শক্তিশালী হওয়াটা গোটা দেশের জন্য ভালো।
সেক্ষেত্রে প্রশ্ন ওঠে কংগ্রেস যদি এতটাই প্রয়োজনীয় হয় তাহলে তিনি কেন কংগ্রেসের যোগ দিলেন না? তার উত্তরে পিকে বলেন, তিনি আগামী দিনে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার যে ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন সেটার বেশিরভাগ পয়েন্ট কংগ্রেস কমিটি মেনে নিয়েছে। সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কিন্তু সেগুলো কার্যকর করার যে পদ্ধতি কংগ্রেস নেতারা বলেছিলেন সেটাতে পিকে ভরসা রাখতে পারেননি।

