রাজ্য সভায় বিজেপির দলনেতা হচ্ছেন প্রাক্তন রেলমন্ত্রী পীযূষ গোয়েল

আমাদের ভারত, ১৪ জুলাই:বিজেপি রাজ্যসভার দলনেতা নির্বাচিত হলেন প্রাক্তন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। মন্ত্রিসভায় রদবদলের পর থেকেই এই পদে প্রাক্তন রেলমন্ত্রীর নাম নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত বাদল অধিবেশনের ঠিক আগেই পীযূষ গোয়েলের নামে সীলমোহর দিল পদ্ম শিবির। এর আগে বিজেপি রাজ্যসভার দলনেতা ছিলেন থাওয়ারচন্দ গেহলত।

মন্ত্রিসভায় রদবদলের আগেই গেহলত পদত্যাগ করেছেন। তাকে কর্নাটকের রাজ্যপাল পদে বসানো হয়েছে। গত ১১ জুলাই তিনি রাজ্যপাল পদে শপথ নিয়েছেন তিনি। মন্ত্রিসভার রদবদলে তার মন্ত্রকের শূন্যস্থান পূরণ করা হয়েছে। এরপর এদিকে বাকি ছিল রাজ্যসভার দলনেতা পদ। সংসদের উচ্চকক্ষের বিজেপি নেতা হিসেবে তিনজনের নাম উঠে এসেছিল। পীযূষ গোয়েল, নির্মালা সীতারামন ভূপেন্দ্র যাদব।

ভূপেন্দ্র সদ্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় এসেছেন। অমিত শাহের ঘনিষ্ঠ এই নেতা মূলত দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। আবার নির্মালা সীতারামনকে রাজ্যসভার দলনেতা করে নতুন নজির গড়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু তিনি অর্থমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে রয়েছেন। ফলে রাজ্যসভার দলনেতা পদে শুরু থেকেই বিজেপির প্রথম পছন্দ ছিল পীযূষ গোয়েল।২০১০ সাল থেকে তিনি রাজ্যসভার সদস্য। রাজ্যসভার অভিজ্ঞ নেতা হওয়ার পাশাপাশি বিজিপি ডেপুটি লিডার পদে ছিলেন রেলমন্ত্রী। স্বাভাবিকভাবেই রাজ্যসভায় দলনেতার শূন্যস্থানে তার দাবি ছিল সবচেয়ে জোরালো। তাই সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত পীযূষ গোয়েলকেই বিজেপি এই দায়িত্বের জন্য বেছে নিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *