করোনার জন্য বন্ধ থাকা তমলুকের বর্গভীমা মায়ের মন্দিরে পূণ্যার্থীদের বসে ভোগ প্রসাদ খাওয়া আবার শুরু হল আজ থেকে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: করোনার কারণে লকডাউনের সময় থেকে দীর্ঘদিন তমলুকের শ্রী শ্রী বর্গভীমা মায়ের মন্দিরের পুণ্যার্থীদের জন্য মন্দিরে বসে দুপুর এবং রাতের ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা বন্ধ ছিল। আজ থেকে আবার সেই ভোগ প্রসাদ বসে খাওয়ার ব্যবস্থা শুরু হল মন্দিরে। পুণ্যার্থীরা আগের মত আগে থেকে বা দিনের দিন সকালে বুকিং করে ভোগ প্রসাদ মন্দিরে বসে খেতে পারবেন। আবার বাড়িতেও নিয়ে যেতে পারবেন।

গতবছর করোনা শুরু হওয়ার পর থেকে সরকারি নির্দেশে বেশ কিছুদিন বন্ধ করে দেওয়া হয় মন্দিরে ভক্তদের প্রবেশ। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। এতদিন পুজো এবং পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা হলেও ভোগ প্রসাদ খাওয়া বা নিয়ে যাওয়ার ব্যবস্থা বন্ধ ছিল। তবে মায়ের নিত্য পূজা এবং ভোগ প্রসাদের ব্যবস্থা ছিল রোজদিন। পুণ্যার্থীরা কিন্তু সেই ভোগ প্রসাদ পেতেন না। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় আজ থেকে সেই ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা আবার শুরু হল।

অনেকেই বিভিন্ন মনস্কামনা পূরণসহ বিভিন্ন কাজের জন্য মায়ের কাছে ভোগ প্রসাদ নিবেদন করতেন। অনেক সময় বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন সামাজিক কার্যকর্মেও নিমন্ত্রিতদের মায়ের ভোগ প্রসাদের মাধ্যমে আত্মীয় স্বজনকে খাওয়ানোর ব্যবস্থা করতেন। এই ভোগ দেওয়ার ব্যবস্থা চালু ছিল দীর্ঘদিন থেকে। সেই মতো পুণ্যার্থীদের আগে থেকে বুকিং করে ভোগ খাওয়া এবং নেওয়ার ব্যবস্থা ছিল। সেই ভোগ খাওয়ার ব্যবস্থা এতদিন বন্ধ ছিল। আজ থেকে আবার আগের মতোই সেই ভোগ খাওয়া এবং নেওয়ার ব্যবস্থা শুরু হল। ভক্তরা আজ থেকে আবার মায়ের প্রসাদ পেয়ে খুশি। মায়ের কাছে ভক্তদের প্রার্থনা যাতে পরিস্থিতি যেন আগের মত স্বাভাবিক থাকে। করোনার হাত থেকে পৃথিবী মুক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *