ভোটের প্রচারে হুইল চেয়ারে করজোড়ে মুখ্যমন্ত্রীর ছবি শান্তিপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ মার্চ:
হুইল চেয়ারে কর জোড় অবস্থায় মুখ্যমন্ত্রী। এই ছবি এবার শান্তিপুরের ফুলিয়াজুড়ে। সহানুভূতির ভোট আদায়ের চেষ্টা, বলে কটাক্ষ বিজেপির। বিজেপির কটাক্ষের জবাবে পাল্টা তৃণমূলের দেওয়াল লিখন ঘিরে নতুনভাবে রাজনৈতিক চাপান উতোর। তৃণমূলের দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রীর বাঁ পায়ে আঘাত লাগা বিজেপির চক্রান্ত। এই নিয়ে গোটা রাজ্যে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। বিজেপি অবশ্য মনে করে ভোটের আগে আবেগকে কাজে লাগাচ্ছে তৃণমূল। তবে কর্মীরাও যে সে আবেগ প্রকৃতপক্ষে কাজে লাগাচ্ছে তা বোঝা গেল নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার একটি নির্বাচনে দেয়াল অঙ্কন থেকে। সেখানে মুখ্যমন্ত্রীর আঘাতপ্রাপ্ত পায়ের সামনে রয়েছে বড় গোলাকার ফুটবল। পাশে লেখা “ভাঙ্গা পায়েই খেলা হবে”। এ ছাড়াও স্বাস্থ্য সাথী বা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা উঠে এসেছে বিভিন্ন দেওয়াল চিত্রে।

তৃণমূল এসসি, এসটি, ওবিসি সেলের দায়িত্বপ্রাপ্ত সৈকত দাস জানান, প্রায় ২০০টি দেওয়াল লেখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে ব্যঙ্গচিত্রতে তারা বিশ্বাসী নন। মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প মানুষের কাছে আর একবার মনে করিয়ে দিতে পারলেই জয় নিশ্চিত এমনটাই বিশ্বাস করেন তারা। ফুলিয়া থেকে বাদকুল্লা যাওয়ার প্রধান সড়কে সারাদিন প্রায় আট থেকে দশ হাজার লোক যাতায়াত করেন। সেই দেয়ালে হুইলচেয়ারে বসে করজোড়রত মুখ্যমন্ত্রী মানুষের কাছে এই বিধানসভার প্রার্থীর হয়ে ভোট চাইছেন এমন দৃশ্য চোখে পড়লে তা অনেকটাই প্রচারে সহায়ক হবে বলে মনে করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *