আমাদের ভারত, মালদা, ২৯ এপ্রিল: জাতীয় সড়কে পিকআপ ভ্যান এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হল তিন জন যাত্রী। আহতরা প্রত্যেকেই পিকআপ ভ্যানের যাত্রী। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে গাজোল থানার পান্ডুয়া এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে।
এই দুর্ঘটনার খবর পেয়ে পরে ওই এলাকায় যায় গাজোল থানার পুলিশ। বেশ কিছুক্ষণ ওই এলাকার জাতীয় সড়ক যানজটে অবরুদ্ধ হয়ে থাকে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পান্ডুয়া এলাকায় জাতীয় সড়কে একটি ডাম্পারের সামনে হঠাৎই কয়েকটি ছাগল চলে আসে। সেই গবাদি পশুগুলিকে বাঁচাতে গিয়ে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা মারে। তাতেই ওই পিকআপ ভ্যানের তিন জন যাত্রী গুরুতর জখম হন।

