পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দুই পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির টাকা নেওয়ার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে
চন্দ্রকোনা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ তার কার্যালয়ের চেয়ারে বসেই টাকা নিচ্ছেন। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আমাদের ভারত।
“বাংলার যুবরাজ অভিষেক” নামে একটি ফেসবুক পেজে এই ছবি আপলোড করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ তার চেয়ারে বসে রয়েছেন এবং উল্টো দিক থেকে এক ব্যক্তি টাকা দিচ্ছেন তার হাতে। তৃণমূল পরিচালিত চন্দ্রকোনা-২ পঞ্চায়েত সমিতির সভাপতির এই ছবি তৃণমূলের সোশ্যাল মিডিয়ার পেজে পোস্ট হওয়ায় অস্বস্তিতে পড়েছে দল।

এই ছবি প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ বলেন, “এই ধরনের খবর যখন আমার সামনে আসে আমিও অবাক হয়ে যাই।খবরটা সম্পূর্ণ এডিট করে করা হয়েছে। আমার নামে কুৎসা ও বদনাম রটানোর জন্য এসব করা হয়েছে। এই বিষয়ে গতকালই আমি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টও করেছি।আমি প্রাথমিক ভাবে থানায় অভিযোগ জানাচ্ছি এবং পরে কোর্টেও যাবো।”
পাশাপাশি তার ছবি ভাইরাল প্রসঙ্গে নাম না করে দলেরই একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, “চন্দ্রকোনায় দিদির দূতের নাম করে কিছু ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে তারা আমার বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে। তারা আদৌও দিদির দূত নয়।
যদিও এই ঘটনায় বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুদীপ কুশারি বলেন,”তৃণমূলেরই একটি পেজ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল করা হয়েছে দেখেছি। যেহেতু এটা তৃণমূল বলছে এর সত্যতা আছে বলেই মনে হয়। এর সত্যতা যাচাই করা উচিত। তবে বর্তমানে যেভাবে বিভিন্ন তৃণমূল নেতাদের বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছে দেখছি সেক্ষেত্রে এই ঘটনার সত্যতা থাকতেই পারে।”

