আশিস মণ্ডল, আমাদের ভারত, শান্তিনিকেতন, ১৬ ফেব্রুয়ারি: বিভাজন ও বিচ্ছিন্নতার সময়ে সম্প্রীতি ও সম্মিলনের বার্তা ছড়িয়ে দিতে এক অনন্য সাংস্কৃতিক পরিসর হিসেবে উঠে এসেছে পঞ্চবন আর্ট রিসোর্ট। শিল্প, সাহিত্য ও লোকসংস্কৃতির নিয়মিত চর্চার মাধ্যমে পঞ্চবন আজ যেন মিনি শান্তিনিকেতন। যেখানে মানুষ, সংস্কৃতি ও প্রকৃতি একসূত্রে বাঁধা পড়ে।

সারা বছর জুড়ে এখানে অনুষ্ঠিত হয় নাটক, আর্ট ক্যাম্প, বাউল গান, লোকনৃত্য ও সাহিত্যসভা। বিভিন্ন প্রান্তের শিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা এই মঞ্চে মিলিত হয়ে তৈরি করেন এক সম্মিলিত সাংস্কৃতিক আবহ, যা সম্প্রীতির এক বাস্তব চিত্র তুলে ধরে।
সম্প্রতি আয়োজিত ‘ফাগুন উৎসব ২০২৬’- এও সেই সম্প্রীতির আবহ স্পষ্ট হয়ে ওঠে। বসন্ত ও ভালোবাসার বার্তায় মুখর এই অনুষ্ঠানে লোকসঙ্গীত, রাইবেশে নৃত্য ও ম্যাজিক শো দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, সাংবাদিক রজত রায়চৌধুরী এবং অভিনেতা বাদশা মৈত্র্য।

গৌতম ঘোষ তাঁর বক্তব্যে বলেন, পঞ্চবন আর্ট রিসোর্ট দীর্ঘদিন ধরে বাংলা শিল্প- সংস্কৃতির চর্চার মাধ্যমে মানুষের মধ্যে সংযোগ ও সাংস্কৃতিক সচেতনতা গড়ে তুলছে। এই ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সম্মিলনের পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আয়োজকদের মতে, পঞ্চবন শুধু একটি সাংস্কৃতিক কেন্দ্র নয়, বরং মানুষের মধ্যে ভালোবাসা, সম্মান ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার এক আন্তরিক প্রয়াস। শান্তিনিকেতনের সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে পঞ্চবন আজ সম্প্রীতি ও সংস্কৃতির এক জীবন্ত প্রাঙ্গণ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

