১৫ টাকায় মিলবে পেট্রোল, পথ বাতলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি

আমাদের ভারত, ৬ জুলাই: শখে হোক বা প্রয়োজনে গাড়ি চালাতে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। পেট্রোলের দাম যে হারে বেড়েছে গাড়ির ব্যবহারে রাশ টানতে বাধ্য হয়েছে মানুষ। কিন্তু এই পরিস্থিতিতেই এক বিরাট আশার কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। তাঁর মতে ইচ্ছে করলেই পেট্রোলের দাম লিটার প্রতি ১৫ টাকায় কমিয়ে আনা সম্ভব। তার জন্য নির্দিষ্ট প্রস্তাবও দিয়েছেন তিনি।

রাজস্থানের প্রতাপগড়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের কৃষকরা অন্নদাতা। কিন্তু এবার এই কৃষকরাই শক্তিদাতাতেও পরিণত হবেন। কৃষকদের কিভাবে শক্তিশালী করে তোলা যায়, সেই ভাবনার কথা বলতে গিয়ে তিনি বলেন, কৃষকদের শক্তির যোগানদাতাও হয়ে উঠতে হবে। আর তখনই তিনি পেট্রোলের দাম কমানোর পথ বাতলেছেন।

কেন্দ্রীয় মন্ত্রীর মতে যদি আমরা ৬০ শতাংশ ইথানল এবং ৪০ শতাংশ বিদ্যুৎ মেলাতে পারি, তাহলে পেট্রোলের দাম কমে যাবে। সংবাদ সংস্থা এ এন আই এর প্রতিবেদন অনুযায়ী, গড়কারি বলেছেন, আমাদের সরকার একটি নির্দিষ্টভাবনা নিয়ে এগিয়ে চলেছে। সেই ভাবনায় কৃষকরা শুধু আর অন্নদাতাই থাকবেন না, তারা শক্তির দাতা হিসেবেও উঠে আসবেন। সমস্ত গাড়ি কৃষকদের উৎপাদিত ইথানলে দৌড়াবে। যদি ৬০ শতাংশ ইথানল এবং ৪০ শতাংশ বিদ্যুৎ নেওয়া যায়, তাহলে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল পাওয়া যাবে এবং সেই পেট্রোলের দাম হবে লিটার প্রতি ১৫ টাকা দরে। তাতে উপকৃত হবেন সাধারণ মানুষ।

তিনি আরো বলেন, এই মিশ্রণ শুধু দূষণই কমাবে না ১৬ লক্ষ কোটি টাকার তেল আমদানি খরচ কমাবে। যে টাকা কৃষকদের কাছে পৌঁছবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *