আমাদের ভারত,৩ জুলাই: রাজ্যের একাধিক জেলায় পেট্রোলের দাম ১০০টাকা ছাড়ালো । তবে এখনো কলকাতায় সেঞ্চুরি হাঁকায়নি পেট্রোলের দাম। কলকাতাই একমাত্র মেট্রোসিটি যেখানে পেট্রোলের মূল্য ১০০ এর নীচে রয়েছে । কয়েক মাস ধরে লাগাতার বাড়তে থাকা পেট্রোলের দামে বিপর্যস্ত সাধারণ মানুষ।
কলকাতার আগেই উত্তরবঙ্গের জেলাগুলিতে পেট্রোলের দাম ১০০ ছাড়িয়েছে। শনিবার কোচবিহারে হিন্দুস্থান পেট্রোলিয়ামের পাম্পে ১০০.০৯ টাকা প্রতি লিটার দামে, ইন্ডিয়ান অয়েলের পাম্পে ১০০.২২ আর ভারত পেট্রোলিয়ামের পাম্পে ১০০.০৭ টাকা প্রতি লিটার দামে পেট্রোল বিক্রি হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে যথাক্রমে ১০০.১০ এবং ১০০.৪৮ টাকা প্রতি লিটার দামে পেট্রোল বিক্রি হয়েছে বলে খবর।
সেখানে মেট্রোসিটি কলকাতায় ৯৯.১০ টাকা প্রতি লিটার দামে পেট্রোল পাওয়া যাচ্ছে বলে জানে গেছে। কলকাতার আগেই অন্যান্য জেলায় পেট্রোলের দাম বেশি হওয়ার প্রশ্নে তৈলসংস্থা জানিয়েছে, হলদিয়ার তৈল শোধনাগার থেকে তেল পরিবহন খরচের তারতম্যের কারণে দুরবর্তী এলাকায় তেলের দাম বেশি হয়।
বাংলা সহ দেশের আরও পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর মে মাস থেকে কম বেশি বেড়েই চলেছে জ্বালানি, পেট্রোপণ্য এমনকি ভোজ্য তেলের দামও। গত বৃহস্পতিবারই রান্নার গ্যাসের দাম বেড়েছে ২৫ টাকা। এছাড়াও সবজি-ফল সহ সংসারের নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রীর দামও উর্দ্ধমূখী। পেট্রোলের লাগাতার মূল্যবৃদ্ধির কারণে প্রভাব পড়ছে বাজারে। কাজেই আর্থিকভাবে বিপর্যস্থ হয়ে মাথায় হাত পড়েছে আমজনতার। এহেন মূল্যবৃদ্ধি নিয়ে এখন রাজ্য এবং কেন্দ্র সরকারকে খোঁচা দিচ্ছে ক্ষুব্ধ জনগন।
এএনআই সূত্রে জানা গেছে, গত ১৩ জুন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী এই প্রসঙ্গে বলেছেন যে, তিনি স্বীকার করেন যে জ্বালানির দাম বৃদ্ধিতে জনতা সমস্যা ভোগ করছেন কিন্তু এক বছরে ভ্যাক্সিনের জন্য ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। ফলে এই পরিস্থিতিতে অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের জন্য তারা অর্থ সংগ্রহ করছে। পরে অবশ্য তিনি পেট্রোলের মূল্যবৃদ্ধির পেছনে কারণ হিসাবে কংগ্রেসের অয়েল বন্ডকেই দায়ী করেছেন। সঙ্গে দেশে জ্বালানি ব্যবহারের ৮০ শতাংশ আমদানি করাকে অন্যতম মূল কারণ হিসাবেও উল্লেখ করেছেন।

