আমাদের ভারত, ৬ অক্টোবর: মালবাজারের মর্মান্তিক দুর্ঘটনায় শুক্রবারের প্রস্তাবিত কার্নিভ্যাল বাতিলের আবেদন করলেন লেখক শিল্পী বুদ্ধিজীবীদের অনেকে। তাঁরা এ ব্যাপারে আবেদন করেছেন জলপাইগুড়ির জেলা শাসককে।
এক বিবৃতিতে তাঁরা লিখেছেন, ”গত ৫ অক্টোবর ২০২২, মাল বাজার মহকুমার মাল নদীর বিসর্জনের ঘাটে হঠাৎ আসা হড়পা বানে আমাদের অনেক স্বজন বিপন্ন হয়েছেন, প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ অনেক মানুষ, তাদের কেউ কারো স্বামী, পিতা, মাতা, পুত্র কন্যা। এই মর্মান্তিক ঘটনা আমাদের সামনে এক শোকাবহ সময়কে হাজির করেছে। এখন উৎসব নয় ত্রাণ সাহায্যের দরকার।
এই শোকের দিনে উৎসব আয়োজন অমানবিক হবে, তাই আমাদের আবেদন আগামী কালের নির্ধারিত ‘কার্নিভ্যাল’ বাতিল করা হোক। এবং যার যা সামর্থ সেই নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াক। প্রশাসন এই দুর্ঘটনার পর থেকেই মানবিক ভূমিকায় সক্রিয় থেকেছে, আমরা এই মানবিকতার প্রসার চাইছি।“
আবেদক হিসাবে উল্লেখ করা হয়েছে বিভিন্ন অঞ্চলের অধ্যাপক, সাহিত্যিক ও সম্পাদক, কবি, প্রাবন্ধিক ও গবেষক, নাট্যকার, গল্পকার, বাচিক শিল্পী, সমাজকর্মী, বিজ্ঞানীর নাম এঁদের মধ্যে আছেন গৌতম গুহ রায়, অশোক গঙ্গোপাধ্যায়, সমর রায় চৌধুরী ও বিজয় দে,গৌরীশঙ্কর ভট্টাচার্য ও উমেশ শর্মা, তমোজিৎ রায়, শুভময় সরকার, আকাশ ও অনিতা পালচৌধুরী, তুলসি ধর, সঞ্জয় চক্রবর্তী, প্রসাদ রায় প্রমুখ।
আরও অনেকেই সহমত, জানাচ্ছেন। এ কথা জানিয়ে সামাজিক মাধ্যমে জেলা শাসকের আইডি-র উল্লেখ করে তাঁকে মেল করতে অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে এই আবেদনে আপনার নাম যুক্ত করে জেলা শাসককে মেল করুন। এই মর্মান্তিক ঘটনার পর কার্নিভাল হলে তা হবে পৈশাচিক ঘটনা।

