বাংলাকে বাঁচাতে মানুষ তৃণমূলের পক্ষে রায় দেবে, নোয়াপাড়ায় প্রচারে বেরিয়ে বললেন প্রার্থী মঞ্জু বসু

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ মার্চ: “বিজেপি ক্ষমতায় আসলে বাংলা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই বাংলাকে বাঁচাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী করে নবান্নে পাঠাতে হবে। সেই লক্ষ্যেই এগোচ্ছি আমরা। জয় আমার নিশ্চিত”– উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের ইছাপুর আনন্দমঠ এলাকায় প্রচারে বেরিয়ে বললেন তৃণমূল প্রার্থী মঞ্জু বসু।

প্রয়াত বিকাশ বসুর স্ত্রী মঞ্জু বসুর উপর ভরসা করে দল তাঁকে টিকিট দিয়েছে। এর আগে ২০১৬ সালেও তিনি ছিলেন তৃণমূল প্রার্থী, তবে তৎকালীন জোট প্রার্থী মধুসূদন ঘোষের কাছে তিনি পরাজিত হন। পরে মধুসূদনবাবুর মৃত্যু হলে নোয়াপাড়া কেন্দ্রে উপ নির্বাচনে ২০১৮ সালে তৃণমূল অর্জুন সিং ঘনিষ্ট সুনীল সিংকে টিকিট দেয়। সুনীল সিং তৃণমূলের টিকিটে জিতে দল বদল করে অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন। এবার ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ফের মঞ্জু বসুর উপর ভরসা করে তাঁকেই নোয়াপাড়া আসনে টিকিট দিয়েছে।

সোমবার সকালে সপ্তাহের প্রথম কাজের দিনে জোর কদমে প্রচার করতে দেখা গেল মঞ্জু বসুকে। হুড খোলা অটোতে করে উত্তর ব্যারাকপুর পৌরসভার ইছাপুর আনন্দমঠ এলাকায় প্রচার করেন। ৭ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে ভাল সাড়া পান মঞ্জু বসু। তিনি বলেন, “জনবিরোধী নীতি প্রণয়নকারী বিজেপিকে নোয়াপাড়ার মানুষ ভোট দেবে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, আমাদের জয় নিশ্চিত।” প্রচারে এদিন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মলয় ঘোষ, নোয়াপাড়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল মজুমদার, নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসূন সরকার সহ শতাধিক তৃণমূল সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *