উত্তর দিনাজপুরে আংশিক লকডাউনে মানুষের সাড়া

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১ মে: ভয়াবহ অতিমারি করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য প্রশাসনের আংশিক লকডাউন ও সতর্কীকরণে স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিল উত্তর দিনাজপুর জেলার সাধারন মানুষ থেকে ব্যবসায়ীর। শনিবার থেকে উত্তর দিনাজপুর জেলায় শপিংমল, রেস্তোরাঁ, বার, সিনেমা হল, জিম, সুইমিংপুল স্পা সম্পূর্ণ বন্ধ। সকাল ৭ টা থেকে বেলা ১০ টা পর্যন্ত বাজার ঘাট খোলা ছিল। ফলে সাধারণ মানুষ থেকে ক্রেতা বিক্রেতারা সকলেই ১০ টার মধ্যেই বেচাকেনা সেরে বাড়ি চলে গিয়েছেন। নিতান্ত প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হননি। যানবাহন রাস্তায় থাকলেও যাত্রী সংখ্যা ছিল অনেক কম।

উত্তর দিনাজপুর জেলায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৭০ জন, এরমধ্যে মৃত্যু হয়েছে ৮৫ জনের। তবে সুস্থতার সংখ্যাও উল্লেখ্যযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। জেলায় এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮০৬০ জন করোনা রোগী। কিন্তু প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা দ্রুতহারে বেড়ে যাওয়ায় আংশিক লকডাউন জারি করা হয়েছে। এই আংশিক লকডাউন মানতে গতকাল সন্ধ্যা থেকেই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন থানা থেকে শহরগুলিতে মাইকে প্রচার করা হয়েছে।

শনিবার সকাল থেকেই জেলা সদর রায়গঞ্জ শহর থেকে শুরু করে বিভিন্ন শহরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে শপিংমল, সিনেমাহল, বার, রেস্তোরাঁ সহ জিম, স্পা, সুইমিংপুল। সকালে তিন ঘন্টার জন্য বাজার খুললেও তা পরে বন্ধ করে দেওয়া হয়। রাস্তাঘাটে প্রয়োজনে যেকজন মানুষ বেড়িয়েছেন সতর্কতামূলক ব্যাবস্থা হিসেবে মাস্কের ব্যবহার ও সামাজিক দূরত্ব বিধি বজায় রেখেই চলাফেরা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *