পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ আগস্ট: ভ্যাকসিন নিয়ে ফের বিশৃঙ্খলা বালুরঘাটে। ৩০০ ভ্যাকসিনের মধ্যে একশো দিতেই গড়িমসি করার অভিযোগ। প্রতিবাদে তুমুল বিক্ষোভ সাধারণ মানুষের। বুধবার বিকেলে শহরের স্টেডিয়ামের ভ্যাক্সিনেশন সেন্টারে ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভ্যাকসিন নিতে আসা লেকজন। তাই বাধ্য হয়ে ভ্যাকসিন সেন্টারে তালা মেরে দেন কর্তৃপক্ষ। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে বালুরঘাট থানার পুলিশ।
স্বাস্থ্য দপ্তর সুত্রের খবর অনুযায়ী বালুরঘাট শহরের স্টেডিয়ামের ওই ভ্যাক্সিনেশন কেন্দ্রে এদিন প্রায় ৩০০টি ডোজ মজুত করা হয়। যে খবর পেতেই সকাল থেকে বিরাট লাইন পড়ে সাধারণ মানুষের। কিন্তু সন্ধে গড়ালেও সেই সংখ্যা একশো অতিক্রান্ত না করায় ক্ষোভে ফেটে পড়েন দূর দূরান্ত থেকে আসা মানুষজন। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকবার পরেও কেন তাদের ভ্যাক্সিন দেওয়া হবে না এই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে এলাকায়। যাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বেগতিক বুঝতেই গেটে তালা ঝুলিয়ে দেন কর্তৃপক্ষ। যদিও পরে পুলিশ পৌঁছে লাইন করিয়ে প্রায় ১২৩ জনের ভ্যাক্সিনেশন প্রক্রিয়া সম্পন্ন করে।
রুমা দে, আরতি রায় ও অজয় সিংহরা বলেন, দীর্ঘ কয়েকদিন ধরে লাইন দিয়েও ভ্যাক্সিন পাচ্ছেন না। সকাল থেকে লাইনে দাঁড়াবার পরেও তাদের ভ্যাক্সিন দেওয়া হচ্ছে না। ভ্যাক্সিন প্রচুর থাকলেও এখানকার কর্মীদের ঢিলেমিপনায় তারা ভ্যাক্সিন পাননি। আর যে কারণেই তারা বিক্ষোভ দেখিয়েছেন।

