ভ্যাট না কমিয়ে ৬ মাস ধরে পশ্চিমবঙ্গের মানুষের সাথে অন্যায় করা হচ্ছে, জ্বালানির দাম বৃদ্ধি ইস্যুতে পাল্টা দিলেন মোদী

আমাদের ভারত, ২৭ মার্চ: জ্বালানির উপর কর কমাতে হবে রাজ্যকে। গত নভেম্বরে কেন্দ্র পেট্রোল ডিজেলের উপর থেকে আন্তঃ শুল্ক কমায়। সেই সময় কেন্দ্রের পরামর্শে মেনে যে সব অবিজেপি রাজ্যগুলি ভ্যাট কমায়নি তাদের উদ্দেশ্যে বুধবার এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ঝাড়খন্ড সহ একাধিক অবিজেপি শাসিত রাজ্যের নাম উল্লেখ করে মোদী বলেন, এইসব রাজ্যের বাসিন্দাদের সঙ্গে গত ছয় মাস ধরে অন্যায় করা হচ্ছে।

অতিরিক্ত রাজস্ব আদায় করতে গিয়ে সুবিধা দেওয়া হয়নি অবিজেপি রাজ্যের নাগরিকদের। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের ভ্যাট কমানোয় পেট্রোলের লিটার প্রতি দামের উল্লেখ করেন তিনি। মোদী জানান, কলকাতায় পেট্রোলের দর ১১৫ টাকার আশেপাশে আর উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে পেট্রোলের দাম ১০৫ টাকার আশেপাশে।

বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন নরেন্দ্র মোদী। সেখানেই ওঠে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কথা। এই প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্র ও রাজ্যকে একসঙ্গে চলার বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,’দেশবাসীকে সুবিধা দিতে গত নভেম্বর মাসে আন্তঃ শুল্ক কমায় কেন্দ্র। তখনই রাজ্যগুলিকেও অনুরোধ করা হয়েছিল তারাও যেন ভ্যাট কমায়। কিছু রাজ্য কেন্দ্রের সেই কথা শুনলেও অনেক রাজ্যে তা করেনি। এই না করার পেছনে কোনও না কোনও কারণ দেখানো হয়েছে। এখন সেইসব রাজ্যকে অনুরোধ করছি গত ছয় মাস আগে যেটা করা দরকার ছিল সেটা এখন করে মানুষকে সুবিধা করে দেওয়া হোক।’

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে মোদী বলেন, কেন্দ্রীয় সরকার রাজস্বের ৪২% দেয় রাজ্যগুলিকে। কিন্তু বিশ্বজুড়ে যে সংকট চলছে তাতে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো থাকা দরকার। কেন্দ্র কর কমানোর পরে রাজ্যগুলিও সেই পথে হাঁটলে মানুষের সুরাহা হবে, দেশের উপকার হবে। পেট্রোপণ্যের ভ্যাট কমানোর আর্জি জানানো সময় মোদী বলেন, “আপনাদের রাজ্যের মানুষের ভালোর জন্যই আমি এই প্রার্থনা করছি।”

জ্বালানির দাম ক্রমেই বেড়ে চলার জন্য আক্রমণের মুখে পড়েছে কেন্দ্র সরকার। কিন্তু বুধবার মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে অনুরোধের সুরে জ্বালানির মূল্যবৃদ্ধির দায় রাজ্যের উপর পাল্টা চাপিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। জ্বালানির উপর ভ্যাট কমালে রাজ্যের আর্থিক ক্ষতি হয় তা উল্লেখ করেই মোদী বলেন, কেন্দ্রের কথা শুনে কিছু রাজ্য সেই আর্থিক ক্ষয়ক্ষতি মেনে নিলেও বেশকিছু রাজ্য নিজেদের নাগরিকদের থেকে গত ছয় মাস ধরে বাড়তি রাজস্ব আদায় করছে।

মোদী বলেন, “আমি এটা বুঝতে পারি যে পেট্রোল-ডিজেলের কর কমালে রাজস্ব আদায় কম হবে। ভ্যাট কমানোর ফলে কর্ণাটক সরকারের সাড়ে ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় কমেছে, গুজরাটের রাজস্ব আদায় কমেছে সাড়ে তিন থেকে চার হাজার কোটি টাকা। কিন্তু দেখা যাচ্ছে কর্ণাটক, গুজরাটের পার্শ্ববর্তী রাজ্যগুলি গত ছয় মাস ধরে অতিরিক্ত রাজস্ব আদায় করেছে। এই সরকারগুলি রাজ্যের নাগরিকদের সঙ্গে অন্যায় করছে বলে মন্তব্য করেন মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *