দিনভর বোমার আতঙ্কে কাটাল পাঁশকুড়ার শেরহাটি বাজার এলাকার মানুষ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: পাঁশকুড়া থানার শেরহাটি বাজারে এক ব্যবসায়ীর গোডাউনে দুটি বোমা জাতীয় জিনিস দেখে এলাকায় বোমাতঙ্ক দেখা দেয়। পুলিশ এসে এলাকার সমস্ত দোকান-বাজার বন্ধ করে দেয়। এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে। ঘটনাস্থল দমকল ও পুলিশ বাহিনী ঘিরে রাখে। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, আজ সকালে ঐ এলাকার এক সিমেন্ট ও রড ব্যবসায়ী কার্তিক গাঁতাইতের ফোনে হিন্দি ভাষাতে উড়ো ফোন আসে। কার্তিক বাবুর অভিযোগ, ফোনে ঐ ব্যক্তি জানায়, গোডাউনে কি আছে দেখে আসতে। তারপরই চক্ষু চড়কগাছ হয় ঐ ব্যবসায়ীর। দেখা যায় দুটি টাইম বোমার আকৃৃতির বস্তু। তারপরই পাঁশকুড়া থানার পুলিশকে বিষয়টি জানান ওই ব্যবসায়ী। বম্ব স্কোয়াডে খবর দেওয়ার বেশ কিছুক্ষণ পরে বম্ব স্কোয়াডের লোকজন বিশেষ ট্রেনিং প্রাপ্ত স্লিপার কুকুর নিয়ে হাজির হয় এলাকায়। বস্তু দুটিকে পরীক্ষা-নিরীক্ষার পর ফাঁকা জায়গায় নদীর চরে নিয়ে গিয়ে নষ্ট করা হয়। তবে বড় কোনও নাশকতা করার মত জিনিস এতে ছিল বলে মনে করছেন প্রাথমিকভাবে তদন্তকারী দল।

তবে কেন এবং কে বা কারা এই ধরনের জিনিস রেখে গেল সেই নিয়ে সব দিক খতিয়ে দেখে তদন্ত করছে পাঁশকুড়া থানার পুলিশ। কে কোথা থেকে ফোন করে কার্তিক বাবুকে বোমার কথা জানিয়েছিল তাও খোঁজ নিচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *