কেশিয়াড়ীতে মিঠুন চক্রবর্তীর রোড’শোতে মানুষের ঢল

কুমারেশ রায় ও জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ মার্চ: কেশিয়াড়ী বিধানসভা কেন্দ্রের বিজেপিপ্রার্থী সোনালি মুর্মুর সমর্থনে রোড শো করলেন তারকা মিঠুন চক্রবর্তী। এদিন দুপুরের পর প্রার্থী শুনালি মুর্মুকে সঙ্গে নিয়ে হুড খোলা জিপে একটি রোড’শো করেন তিনি। রোড শো চলাকালীন কর্মী সমর্থক ও এলাকাবাসীদের কেশিয়াড়ী বাজার এলাকায় উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। কেশিয়াড়ি বিধানসভা সহ পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করার আবেদন জানান মিঠুন চক্রবর্তী

কাউন্টডাউন শুরু প্রথম দফার ভোটে। ২১ শের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শেষ বেলার প্রচার সারল সমস্ত রাজনৈতিক দল। বৃহস্পতিবার শেষবেলার প্রচারে একটু বাড়তি উত্তেজনা ছিল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীতে। এদিন দুপুরে কেশিয়াড়ী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সোনালী মুর্মুর সমর্থনে প্রচারে এলেন সিনেমা অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর আসা নিয়ে সকাল থেকেই বাড়তি উচ্ছ্বাস ছিল কেশিয়াড়ী বিধানসভা কেন্দ্রে। দলীয় পতাকা ফেস্টুনে ভরপুর ছিল কেশিয়াড়ী বাজার এলাকা। প্রার্থীর সমর্থনে এদিন কেশিয়াড়ী বিমলেশ্বর মাঠে হেলিপ্যাডে নামেন মিঠুন চক্রবর্তী। সেখান থেকে হুডখোলা গাড়িতে চেপে প্রার্থী সহ নেতা নেত্রীদের সাথে নিয়ে রোড’শো করেন তিনি। রোড শো সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে সারা কেশিয়াড়ী বাজার এলাকা পরিক্রমা করে।

এরপর কেশিয়াড়ী হাইস্কুল মাঠে জনসভা করার কথা ছিল। কানায় কানায় ভর্তি ছিল হাইস্কুল মাঠ। বাড়ির ছাদ থেকে মহাগুরুকে দেখার জন্য মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুপাশে অভিনেতাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকে আট থেকে আশি সকলেই। কিন্তু প্রচারের সময় শেষ হয়ে যাওয়ায় তিনি আর সভা করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *