জে মাহাতো, মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি:
শুক্রবার পশ্চিম মেদিনীপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় মানুষের ঢল দেখা যায়l পরিবর্তন যাত্রার মাঝখানে ছোট ছোট পথসভায় ভাষণ দেন শুভেন্দু অধিকারী ও ভারতী ঘোষl শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলের কফিনে পেরক পোঁতার কাজ শুরু হয়ে গেছে। প্রতিদিনই একটি করে উইকেট পড়ছে। একজন করে সাংসদ, বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন।
শুক্রবার পরিবর্তন যাত্রা পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে খড়্গপুরের মাতকাতপুর থেকে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকা ঘোরে। ছোট ছোট পথসভা করেন যাত্রায় থাকা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেত্রী ভারতী ঘোষ। সঙ্গে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, বিজেপির জেলা সভাপতি শমিত দাস।

শুভেন্দু অধিকারী বলেন , মানুষের মন তিনি বুঝতে পারছেন। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে বাংলা থেকে উৎখাত করবেন। তিনি এদিন বলেন, একজনকে জয় শ্রীরাম বললে রেগে যান। আর একজনকে তোলাবাজ বললে রেগে যান। তাঁদের মুখের ভাষা বাংলার মানুষ শুনছেন। তারা আবার বাংলার কৃষ্টি আর সংস্কৃতির কথা বলেন। উন্নয়ন নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করে তিনি বলেন , মানুষ স্বাস্থ্য সাথী কার্ড চান না। বেকারের চাকরি চান, দুর্নীতি মুক্ত সরকার চান।
এদিন ভারতী ঘোষ বলেন, এই সরকারের গোয়ালে যাওয়ার সময় এসে গেছে। অন্যদিকে আজ খড়গপুর শহরের ঝাপেটাপুর এলাকার রাসের মাঠে বিজেপির সভা হয়। এই সভায় উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।

রুদ্রনীল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একটাই প্রশ্ন। আপনি বুকে হাত দিয়ে বলুন আপনার কর্মীরা, যারা যখন কোনও অন্যায় দেখেছে, আপনাকে জানানো হয়েছে। আপনি যখন জানতে চেয়েছেন ঠিক সেই সময়, দলবেঁধে প্রত্যেক মুহূর্তে আপনাকে বুঝিয়েছে। আপনি তাদের কথা না শুনে বলেছেন না না ও যা বলছে তা মাওবাদীদের কথা। ওরা যা বলছে তা ঠিক না। ও বিজেপির দালাল। যাদের আত্মমর্যাদা রয়েছে শুভেন্দু অধিকারী রাজিব ব্যানার্জির মত লোকেরা বিজেপিতে চলে এসেছে।

