আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ আগস্ট: মানুষ আর তৃণমূল কংগ্রেসকে চাইছে না। এই সরকারের উপর মানুষ আস্থা হারিয়েছে বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, একমাত্র পুলিশের জোরেই তৃণমূল এখনো টিকে আছে পুলিশ না থাকলে তৃণমূল কর্মীরা বাইরে বেরোতে পারত না।
মঙ্গলবার মধ্যমগ্রাম দোলতলা থেকে সুবিশাল ব্যাইক র্যালি হয় বিজেপির। নেতৃত্ব দেন BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সকালে শতাধিক বাইক নিয়ে মধ্যমগ্রামের দোলতলা থেকে বারাসত কলোনিমোড়ে মিলনী মাঠে পৌছয় সুকান্ত মজুমদারের নেতৃত্বের বিজেপি কর্মী সমর্থকরা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, সমাজের সর্বস্তরের মানুষ এখন এই সরকারের ওপর বীতশ্রদ্ধ।মানুষ চাইছে না এই সরকার আর থাকুক।এই সরকার শুধুমাত্র পুলিশের জোরে টিকে আছে। পুলিশ যদি না থাকতো তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ির বাইরে বেরোলে মানুষ তাদেরকে থুতু দিতো জুতো ছুড়ে মারতো। তিনি আরও জানান সরকারের নীতির যেকেউ সমালোচনা করতে পারেন, ভারত বর্ষের সংবিধান সেই অধিকার দিয়েছে।

