পশ্চিমবঙ্গের অরাজক পরিস্থিতি বেশি দিন চলবে না গণতন্ত্রে জনগণই শেষ কথা বলে: শুভেন্দু অধিকারী

কুমারেশ রায়, মেদিনীপুর, ১৩ আগস্ট: শুক্রবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘাটালের টাউন হলে সাংবাদিক সম্মেলন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের বন্যা পরিদর্শনে এসেছিলেন। মুখ্যমন্ত্রীর সফরের পাল্টা জবাব দিতেই শুভেন্দু অধিকারীর ঘাটালে আসা বলে মত রাজনৈতিক মহলের।

এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি দেন।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে। তবে এই পরিস্থিতি বেশি দিন চলবে না। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে।

লক্ষ্মীপুরে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলনের সময় শুভেন্দু অধিকারী জিন্দাবাদ ধ্বনি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ভগবন্তপুর, লক্ষ্মীপুরের লোকজনের পাশে ছিলাম। তাদের মনটা আমার কাছে রয়ে গেছে, কি করা যাবে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছি।
আমি একসময় সিপিএম, বামফ্রন্টের বিরুদ্ধে অনেক লড়াই করেছি নন্দীগ্রামে। বামফ্রন্টের আমলে, প্রাকৃতিক বিপর্যয় কালে সর্বদলীয় টিম হত। একটা সিস্টেম ছিল। আর এখন বিজেপি সমর্থক যদি মিছিলে যায়, তার রেশন কার্ড কেড়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, ২৬ হাজার কোটি টাকার প্রোজেক্ট, মোদীজি করেছেন।
পশ্চিমবঙ্গে চাল, গম, ত্রাণ নিয়ে রাজনীতি হয়, সেখানে বিধায়ক শীতল কপাট সরকারি বৈঠকে আমন্ত্রণ পাবেন কি করে। এখানে স্থায়ী উন্নয়ন হয় না, দীর্ঘমেয়াদি পরিকল্পনা হয় না। প্রাকৃতিক বিপর্যয়ে প্রশাসক কাজ করতে পারেন না মুখ্যনন্ত্রী করতে দেন না। এদিন শুভেন্দু অধিকারী ঘাটালের বিধায়ক শীতল কপাটের হাতে, বন্যা দুর্গত মানুষদের জন্য জামা কাপড় তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *