জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ মে: আজ থেকে রাজ্যে কার্যত লকডাউন শুরু। সকাল থেকেই মেদিনীপুর শহরের বিভিন্ন বাজারে ভিড় লক্ষ্য করা গেছে। জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। করোনা হাসপাতাল ও সেভ হোমগুলিতে চিকিৎসা চলছে। সংক্রমিতরা যেমন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তেমনি প্রতিদিন ভর্তি হচ্ছেন অনেকে। গত ৫ দিনে পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫৪২ জন। জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী এই তথ্য পাওয়া গিয়েছে। তবুও মানুষ কোথাও যেন অসচেতন। বেশকিছু মানুষের মাস্ক থাকলেও সেটা থুতনির নিচে দেখা গেছে।

মেদিনীপুর শহরে যে হারে সংক্রমণ বৃদ্ধি হচ্ছে সেইমতো পুলিশ প্রশাসনের সচেতনতার প্রচার থাকলেও সাধারণ মানুষের মধ্যে সেই সচেতনতা লক্ষ্য করা যায়নি। সব মিলিয়ে রাজ্য সরকারের এই লকডাউন সমর্থন করেছেন মেদিনীপুর শহরের বিক্রেতা থেকে ক্রেতা সহ সাধারণ মানুষ। ঘাটাল মহকুমায় পুলিশ প্রশাসনের উদ্যোগে সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন করা হয়েছে লকডাউন বিধি মানার জন্য। অন্যথায় আইন অমান্য করার জন্য পুলিশ লাঠিপেটা করছে। পশ্চিম মেদিনীপুর জেলায় আইন অমান্যকারী বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

