ঘাটাল মহকুমা হাসপাতালে টিকার অপর্যাপ্ত সরবরাহ ও টিকাকরণে শৃঙ্খলা না থাকায় ক্ষুব্ধ মানুষজন

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২৫ এপ্রিল: করোনা সংক্রমণ দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মানুষ স্বাভাবিকভাবেই টিকা নিতে আগ্রহী। সকলেই চাইছেন টিকাকরণের আওতায় আসতে। টিকার অপর্যাপ্ত সরবরাহ এবং টিকাকরণের কাজে কোনও শৃঙ্খলা না থাকায় মানুষজন ক্ষুব্ধ হয়ে উঠছেন। রাত ৩ টে থেকে আবার কখনও বা ভোর ৫টা থেকে এসে মানুষ লাইন দিচ্ছেন টিকাকরণ কেন্দ্রের সামনে।

২৫ এপ্রিল রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতালে মাত্র ৪০ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হবে বলে জানানো হয়। তাই সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে অনেকেই টিকা না নিয়ে ফিরে যান বাড়ি। টিকা নেওয়ার জন্য অত্যধিক ভিড়েও করোনা সংক্রমনের ভয় পাচ্ছেন অনেকেই।

এই গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে অনেক বয়স্ক মানুষ অসুস্থ হয়ে যেতে পারেন, তাই সকাল সকাল টিকাকরণ শুরু করার দাবি করছেন ক্ষুব্দ মানুষজন। যারা টিকা নিতে ইচ্ছুক তাদের আরও দাবি, এত ভিড় যাতে না হয় তার জন্য টিকাকরণ কেন্দ্র আরও বাড়ানো হোক। পুরো পদ্ধতিটির মধ্যেই একটা শৃঙ্খলা আসুক চাইছেন মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *