আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ ফেব্রুয়ারি:
ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর রামকৃষ্ণপল্লীর যুবক পাভেল দাস। তার পরিবার এখন চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। পাভেল সহ ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে কাতর আবেদন করছেন তার পরিবার।
জানা গেছে, তিন বছর আগে ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছিলেন ইসলামপুরের রামকৃষ্ণপল্লীর বাসিন্দা পাভেল দাস। এতদিন সব ঠিকঠাকই ছিল। বুধবার রাত থেকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ায় পাভেলের পরিবার যথেষ্টই বিব্রত ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। ভারত সরকারের কাছে পাভেলকে ভারতে ফিরিয়ে আনার জন্য পরিবারের সদস্যরা কাতর আবেদন করছেন। নাওয়া খাওয়া ভুলে পরিবারের সদস্যরা এখন টিভির পর্দায় চোখ রাখছেন। মা অনুপমাদেবী সর্বক্ষণ ছেলের সঙ্গে মোবাইলে কথা বলেছেন। ছেলের পরিস্থিতিতে মা চোখের জল আর ধরে রাখতে পারছে না। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ছেলেকে তাড়াতাড়ি দেশের মাটিতে ফিরিয়ে আনার দাবি করেছেন।পাভেল টেলিফোনে মাকে সমস্ত ঘটনাই জানিয়েছে। ছেলের কাছে সেখানকার পরিস্থিতি জানতে পেরে অনুপমা দেবী যথেষ্টই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।
পাভেল জানিয়েছে, যুদ্ধ শুরু হতেই তারা ঘরের মধ্যেই আটকে আছেন। পাভেলের কাকা রথীন দাস জানিয়েছেন, তিন বছর আগে ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছিল পাভেল। এবারে তার তৃতীয় বর্ষ। আগামী জুন মাসে তার ফাইনাল পরীক্ষা ছিল। ফোর্থ ইয়ারে ভর্তির আগে তার বাড়িতে আসার কথা ছিল। আচমকা যুদ্ধ শুরু হওয়ায় পাভেলের সমস্ত স্বপ্ন নষ্ট হতে চলেছে।

