পট তুলির টানে বিশ্ব শান্তির গান বেঁধে গাইছেন পিংলার পটুয়ারা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ মার্চ:
ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামাতে গান বেঁধে শান্তির বার্তা দিচ্ছেন পিংলার পট শিল্পীরা। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তথা বিদেশেও বিশেষ খ্যাতি রয়েছে পিংলার নয়া গ্রামের এই পটশিল্পের। সেখানকার শিল্পীরা এই ধ্বংসাত্মক যুদ্ধের সময় রং তুলির টানে গান বেঁধে বিশ্ব শান্তির প্রার্থনায় নেমেছেন।

পট শিল্পী মধু চিত্রকর বলেন, বিভিন্ন সময়ে  এডস রোগ, ভূমিকম্প, সুনামি, ১১ সেপ্টেম্বর ইত্যাদি বিষয়ের উপর পট চিত্র এঁকে গান বেঁধে প্রচার করেছি। বর্তমানে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অগ্নিগর্ভ পরিস্থিতি। খেলনার মতো নষ্ট হচ্ছে ঘর বাড়ি। ধ্বংস হচ্ছে এক একটা শহর। ওখানকার মানুষ আজ বড় অসহায়, মৃত্যুপুরিতে পরিণত হয়েছে ইউক্রেন। এক বুক যন্ত্রণা নিয়ে বিশ্ববাসী যুদ্ধ বন্ধের আশায় রয়েছেন। আমরাও চাই এই যুদ্ধ থেমে যাক। তাই গান বেঁধেছি “ইউক্রেনের বিমান হানা আজব ঘটনা’ যুদ্ধ নয় শান্তি চাই’ এই বার্তা সবারে জানাই”। মধু চিত্রকর গানগুলিতে যুদ্ধ পরিস্থিতির পুরো বিষয়টি পটচিত্রে রাঙিয়ে স্ত্রী হাজরা চিত্রকর মেয়ে সন্ধ্যা চিত্রকরের সঙ্গে গেয়ে চলেছেন বিশ্ব শান্তির বার্তা দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *