স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ মে:
কবিগুরু রবীন্দ্রনাথ এবার পৌঁছে গেলেন কোভিড হাসপাতালের রোগীদের মাঝে। রায়গঞ্জের মিক্কিমেঘা কোভিড হাসপাতালে রবিবার সন্ধ্যায় পালন করা হল কবিগুরুর ১৬০ তম জন্মজয়ন্তী। মারণ রোগে আক্রান্ত হতাশাগ্রস্ত কোভিড রোগীরা আজ আনন্দে মেতে উঠলেন রবীন্দ্র জন্মজয়ন্তী পালনে। তাঁরা গাইলেন “প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে” রবীন্দ্রনাথের প্রিয় সেই গান।

রায়গঞ্জ শহর থেকে বেশ কিছুটা দূরে রাজ্য সড়কের ধারে মিক্কিমেঘা কোভিড হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশী করোনা আক্রান্ত রোগীরা। রোগীদের মনে আতঙ্ক কাটানোর পাশাপাশি তাঁদের মনোরঞ্জন ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোই মূল উদ্দেশ্য বলে জানালেন হাসপাতালের নার্সিং ইনচার্জ বাপি বিশ্বাস।

কোভিড হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের পরিষেবা দেওয়ার পাশাপাশি তাদের ভেতরে উৎসাহ ও উদ্দীপনা ও মনোরঞ্জন জোগাতে হাসপাতালের ভিতরেই করোনা আক্রান্ত রোগীদের নিয়ে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করে অনন্য নজির গড়ল রায়গঞ্জের মিকি মেঘা হাসপাতাল। রবিবার রবীন্দ্র জয়ন্তীর সন্ধ্যায় আনন্দ উৎসবে মেতে উঠলেন কোভিড আক্রান্ত রোগীরা।

কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করার পাশাপাশি কোভিড আক্রান্ত রোগীরাই গাইলেন “গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ “। কোভিড হাসপাতালের নার্সিং স্টাফরা রোগীদের পরিষেবা দেওয়ার সাথে সাথে আজ তাদের মনোবল বাড়াতে গাইলেন “প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরও আরও আরও দাও প্রাণ “। রোগীদের করানো হল মিষ্টিমুখও। রবিবারের সন্ধ্যায় হাসপাতালের ভেতরে এই রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে কোভিড রোগীদের সাথে শামিল হলেন চিকিৎসক, নার্স ও সর্বস্তরের স্বাস্থ্যকর্মীরা। মিক্কিমেঘা হাসপাতালের এই অভিনব উদ্যোগে খুশী চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগী থেকে সর্বস্তরের সাধারণ মানুষ। রোগীদের মন থেকে কোভিড আতঙ্ক কাটানোর পাশাপাশি রোগীদের মনোরঞ্জন ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোই ছিল মূল উদ্দেশ্য এমনটাই জানালেন মিক্কিমেঘা হাসপাতালের নার্সিং ইনচার্জ বাপি বিশ্বাস।

