আমাদের ভারত, হাওড়া, ৩ জুলাই: হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। নিখোঁজ রোগীর নাম জয়ন্ত বাগ (২৭)। বাড়ি উলুবেড়িয়া থানার বেলে সিজবেড়িয়া এলাকায়। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে রোগী নিখোঁজ হয়েছে এই অভিযোগে শনিবার হাসপাতালে বিক্ষোভ দেখালো নিখোঁজ রোগীর পরিবারের লোকজন। পরে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিখোঁজ রোগীর পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ উভয়েই উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার দুপুর বেলা রেললাইন পার হওয়ার সময় লাইনে পড়ে গিয়ে জয়ন্ত বাগ মাথায় চোট পান এবং তার জিভ কেটে যায়। এরপর পরিবারের লোকজন তাঁকে উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার এবং শুক্রবার হাসপাতালে জয়ন্তর সঙ্গে তাঁর পরিবারের লোকজন থাকলেও শুক্রবার রাত ১০টা নাগাদ তারা বাড়ি চলে যায়। নিখোঁজ রোগীর পরিবারের অভিযোগ, “শুক্রবার রাত ১১ টা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের ফোনে জানায় জয়ন্ত হাসপাতালে থাকতে চাইছে না। আমরা যেন তাকে বাড়ি নিয়ে যাই।” তাদের অভিযোগ, ফোন পাওয়ার আধঘণ্টার মধ্যে তারা হাসপাতাল আসেন। কিন্তু হাসপাতালে জয়ন্তকে দেখতে পাওয়া যায়নি। এমনকি জয়ন্তর খোঁজ করলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগী হাসপাতালের পেছনের গেট দিয়ে বাইরে বেরিয়ে গেছে।
এদিকে জয়ন্ত নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন শুক্রবার রাতভোর এবং শনিবার সারাদিন খুঁজেও তাকে না পাওয়ায় বিকেলে হাসপাতালে এসে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে জয়ন্ত নিখোঁজ হয়ে গেছে। হাসপাতালে নিরাপত্তারক্ষীর নজর এড়িয়ে কিভাবে রাতে একজন রোগী হাসপাতাল থেকে বেরিয়ে গেল সেই নিয়ে প্রশ্ন তোলেন রোগীর পরিবারের লোকজন।

বিষয়টি নিয়ে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে সুপার ডাঃ সুদীপ রঞ্জন কাড়ার জানান, শুক্রবার রাতে রোগী নিখোঁজের বিষয়টি সামনে আসার পরেই আমরা উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছি। তিনি জানান, হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গেছে ওই যুবক সকলের নজর এড়িয়ে হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে।

