সাথী দাস, পুরুলিয়া, ৫ মে: চিকিৎসাধীন করোনা রোগী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল। গতকাল এই ঘটনা ঘটেছে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতোয়াড়া ক্যাম্পাসে।
স্থানীয়ভাবে জানা গিয়েছে, ২৫ এপ্রিল করোনা সংক্ৰমিত হয়ে পুরুলিয়ার হাতোয়াড়া কোভিড হাসপাতালে ভর্তি হন পুরুলিয়া বাঘমুন্ডি থানার তুন্তুরি গ্রামের বাসিন্দা অবসর প্রাপ্ত সরকারি কর্মী বছর তিয়াত্তরের মদন মোহন মাহাতো। অভিযোগ এর পর হঠাৎ করে চিকিৎসারত অবস্থায় নিখোঁজ হয়ে যান তিনি। তাঁর পরিবারের দাবি, গত কাল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মদনবাবু নিখোঁজ তাঁকে পাওয়া যাচ্ছে না। এই ঘটনার পর হতাশ হয়ে পড়েন মদনবাবুর পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, কীভাবে একজন করোনা রোগী চিকিৎসারত অবস্থায় থেকে এভাবে নিখোঁজ হয়ে গেল? গোটা ঘটনায় হাসপাতালে চরম গাফিলতির অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
এদিন মদনবাবুর মেয়ে জানান, “গত ২৫ এপ্রিল করোনা সংক্রমিত হয়ে বাবাকে নিয়ে প্রথমে সদর হাসপাতাল ও পরে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতোয়াড়া কোভিড হাসপাতালে ভর্তি করান। ভর্তির পর থেকেই হাসপাতালের তরফ থেকে রোগীর কোনও খোঁজখবর দিচ্ছিলেন না হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর হঠাৎ ৪ মে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদের রোগী নিখোঁজ। তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।”
পরিবারের সদস্যদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ অবিলম্বে মদনমোহন বাবুর খোঁজ করে তাকে বাড়িতে ফিরিয়ে দিক।
ঘটনার কথা স্বীকার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যক্ষ ডা: সুকোমল বিশয়ী বলেন, “পালিয়ে যাওয়া রোগীর খোঁজ চলছে। এখানে চিকিৎসাধীন রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন এটা আশ্বস্ত করতেই পারি। অযথা আতঙ্কিত হয়ে লাভ নেই।”

