আমাদের ভারত, হাওড়া, ৮ মে: সময়মত অক্সিজেন না পাওয়ায় দুই রোগীর মৃত্যু হয়েছে। এই অভিযোগে শনিবার সকালে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভাঙ্গচুর চালানোর অভিযোগ উঠল মৃত রোগীদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। শনিবার দুপুরের এই ঘটনায় উত্তেজিত জনতা হাসপাতালে বর্হিঃবিভাগে ব্যাপক ভাঙ্গচুর চালায়। পরে উলুবেড়িয়া থানার পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্রের খবর, শুক্রবার বিকেলে জ্বর, শ্বাসকষ্ট ও অন্যান্য উপসর্গ নিয়ে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন বাউড়িয়ার বাসিন্দা কুলশন বিবি (৫৮) এবং উলুবেড়িয়ার বাসিন্দা সেখ নাসির (৩২)। হাসপাতাল সূত্রে খবর, শনিবার সকালে কিছুক্ষণের ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়। এদিকে দুই রোগীর মৃত্যুর পরেই ক্ষোভে ফেটে পড়ে তাদের আত্মীয় স্বজনরা। তারা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসপাতালে ভাঙ্গচুর চালায়। মৃত রোগীদের পরিবারের অভিযোগ, উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেনের ঘাটতি আছে। আর সেই কারণেই তাদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে ভাঙ্গচুরের কথা অস্বীকার করেছেন মৃত রোগীদের পরিবারের সদস্যরা।

অন্যদিকে হাসপাতালে অক্সিজেনের কোনও ঘাটতি নেই বলে দাবি করেছেন উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ সুদীপ রঞ্জন কাড়ার। তিনি অভিযোগ করেন, সরকারের বদনাম করতে পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে। তিনি জানান, এই ব্যাপারে উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

