আমাদের ভারত, জলপাইগুড়ি, ৫ জুলাই: রেল কর্মী ও চালকের তৎপরতায় মঙ্গলবার অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিয়ালদহ–নিউ আলিপুরদুয়ার গামী পদাতিক এক্সপ্রেসের যাত্রীরা। যাত্রী বোঝাই চলন্ত ট্রেনের চাকা থেকে কালো ধোঁয়া বের হতে দেখেছিলেন এক গেটম্যান। তাঁর তৎপড়তায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা।
রেল কর্তৃপক্ষের সুত্রে জানা গিয়েছে, এ দিন রানীনগর স্টেশন থেকে আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস রওনা দেয়। রেল লাইনের ১৬ ও ১৭ নম্বরের গেট ম্যান লক্ষ্য করেন ট্রেনের এস ওয়ান (S1) কামরার চাকা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। কোনও আগুন কিংবা যান্ত্রিক সমস্যা থেকে এই সমস্যা বুঝতে অসুবিধে হয়নি গেট ম্যানের। তড়িঘড়ি নিকটবর্তী রোড স্টেশনের স্টেশন মাস্টার সুব্রত মন্ডলকে বিষয়টি জানান তিনি। এরপর ট্রেনের চালককে জানিয়ে ট্রেন থামিয়ে দেওয়া হয়। ট্রেনের ইঞ্জিনিয়ারদের তৎপরতার যান্ত্রিক সমস্যা সমাধান করা হয়।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ট্রেনের এস ওয়ান (S1) কামরায় চাকার ব্রেক জ্যাম হয়ে গিয়েছিল এই কারণে ধোঁয়া বের হচ্ছিল। ২৫ মিনিটের চেষ্টায় যান্ত্রিক সমস্যা মেরামত করার পর ট্রেনটি নিউ আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেয়। রেল কর্তৃপক্ষের তরফে জানান হয়, প্রত্যেক স্টেশনে ট্রেনে বাড়তি নজরদারি করা নির্দেশ দেওয়া হয়েছে।

