রাজেন রায়, কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: করোনা ভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে কমে এলেও ফের দেশের বেশ কয়েকটি রাজ্যে বাড়ছে উদ্বেগ। ফের সংক্রমনের সংখ্যা বাড়তে শুরু করায় ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে লকডাউন এর পথে হাঁটার চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে ফের নয়া নির্দেশিকা জারি করল নবান্ন।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এ বার মহারাষ্ট্র-সহ চার রাজ্য থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক কোভিড রিপোর্ট দেখানো চালু করল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী নবান্ন থেকে এ সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি করেছেন।
নির্দেশিকায় বলা হয়েছে, মহারাষ্ট্র, কেরল, কর্নাটক এবং তেলঙ্গানা থেকে এ রাজ্যে ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টার পরে যারা আসবেন, তাঁদের প্রত্যেকের সঙ্গে বাধ্যতামূলক ভাবে কোভিড নেগেটিভ (আরটি-পিসিআর) রিপোর্ট থাকতে হবে। বিমানযাত্রীদের ক্ষেত্রে উড়ানের ৭২ ঘণ্টা আগে কোভিড পরীক্ষা করাতে হবে বলেও জানানো হয়েছে ওই নির্দেশিকায়।
সম্প্রতি কয়েকটি রাজ্যে নতুন করে সংক্রমণের ঘটনা বাড়ায় উদ্বেগ ছড়িয়েছে দেশ জুড়ে। উদ্বেগের মূল কারণ মহারাষ্ট্র এবং কেরল। দিল্লি-সহ কয়েকটি রাজ্য ইতিমধ্যেই মহারাষ্ট্র ও কেরল থেকে আসা যাত্রীদের জন্য করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করেছে। দিল্লি সরকারের নিশানায় রয়েছে ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ এবং পঞ্জাব থেকে আসা যাত্রীরাও।

