স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ মার্চ: সোমবার উত্তর দিনাজপুরের ডালখোলা বাইপাসে যাত্রীবাহী যানবাহন চলাচল শুরু হয়ে গেল। তবে এখনো নির্মাণকাজ সম্পূর্ণ শেষ হয়নি। যতটুকু হয়েছে, তাতেই বাস ও ছোট গাড়ি চলাচল শুরু হল বলে জানা গেছে।
রবিবার জেলা প্রশাসনের কর্তারা ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়ক পরিদর্শন করেছে। তবে নতুন বাইপাসের একাংশ যাত্রীবাহী যানবাহনের জন্য খুলে দেওয়া হল। সম্পূর্ণভাবে চালু হতে আরও দু’মাস সময় লাগবে বলে জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালদহ ডিভিশনের প্রজেক্ট ডিরেক্টর দীনেশ হানসারিয়া টেলিফোনে জানান, মার্চে বাইপাস চালু করার কথা থাকলেও কাজ শেষ হয়নি। কাজ শেষ হতে আরও দু’মাস লাগবে। উল্লেখ্য, ৩৪ নম্বর জাতীয় সড়কে দক্ষিণ মহম্মদপুর থেকে পূর্ণিয়া মোড় পর্যন্ত সাড়ে ৫ কিমি রোড হচ্ছে ডালখোলা বাইপাস। জাতীয় সড়কের সংযোগস্থলে কাজ চলছে এখনও। রেললাইন পার হওয়ার পরে বুড়ি মহানন্দা এখনও নদীর উপর সেতু নির্মাণের কাজ চলছে। এই কাজ শেষ হলেই নির্মাণকাজ শেষ হবে।
তবে, কাজ বাকি থাকলেও ৫ কিমি বাইপাসে মহম্মপুর এলাকায় সার্ভিস রোড দিয়ে বাইপাসে গাড়ি যাওয়া আসা সম্ভব হচ্ছে। এমতাবস্থায় প্রায় ১০০ মিটার অস্থায়ী রাস্তা দিয়ে চলাচল করা যাবে। এরফলে রেলগেটের যানজটে আটকে থাকতে হবে না। এই বাইপাস খোলাতে খুশি ডালখোলাবাসী তথা উত্তর দিনাজপুর জেলাবাসী।

