পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: দ্রুত গতিতে অন্য একটি বাসকে ওভারটেক করার সময়ই টায়ার ফেটে গিয়ে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্ট গেল আমলাশুলি-দিঘা যাত্রীবাহী বাস। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে খড়্গপুর গ্রামীণ থানার সাঁকোয়া এলাকায় ৬০নং জাতীয় সড়কে।
ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা যাত্রীর। আহত প্রায় ১৮-২০জন। পুলিশ ও স্থানীয় লোকেদের তৎপরতায় তাদের উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতাল ও মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। আছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মী ও আধিকারিকরাও। ক্রেন নিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে।

