আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ১২ ফেব্রুয়ারি: একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ধান জমিতে উলটে গেল একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় আহত হয়েছে ১২ জন যাত্রী। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এরুয়ারের যাত্রাদিঘি বাসস্ট্যান্ডের কাছে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। আহতদের কারোর আঘাত গুরুতর নয়।

জানা গেছে, এদিন বলগোনা থেকে গুসকরার দিকে যাচ্ছিল ওই যাত্রীবাহী বাসটি। এরুয়ারের যাত্রাদিঘি বাসস্ট্যান্ডের কাছাকাছি এলে একই দিকে যাওয়া একটি গাড়িকে ওভারটেক করতে যায়। সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকের ধান জমিতে গিয়ে উলটে পড়ে। যাত্রীরা বাসের মধ্যে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। তিনি দাঁড়িয়ে থেকে উদ্ধার কাজে তদারকি করেন।

