পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থ ব্যয়ের নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষস্থান দখল করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মোট ১৭৭.৪৫ কোটি টাকার বরাদ্দের মধ্যে ইতিমধ্যেই ১৬১.৭৭ কোটি টাকা ব্যয় করেছে জেলা পরিষদ। চলতি আর্থিক বছরে বরাদ্দ অর্থের প্রায় ৬৯.০৫ শতাংশ খরচ হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প—গ্রামীণ পরিকাঠামো, পানীয় জল, সড়ক সংস্কার ও জনপরিষেবা সংক্রান্ত কাজে এই অর্থ ব্যবহার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে দাবি। জেলা পরিষদ কর্তৃপক্ষের মতে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ণ এবং নিয়ম মেনে অর্থ ব্যয়ের ক্ষেত্রেই এই সাফল্য এসেছে। আর্থিক শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ফলেই এই জেলা রাজ্যের মধ্যে প্রথম স্থানে উঠে এসেছে বলে মনে করা হচ্ছে।

এ প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি জানান, এই সাফল্য সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি বলেন, “জনপ্রতিনিধি, আধিকারিক এবং কর্মীদের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হত না। আগামী দিনে আরও বেশি মানুষের স্বার্থে কাজ করতে হবে।”
প্রশাসনের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই বাকি বরাদ্দ অর্থও সঠিকভাবে ব্যয় করা সম্ভব হবে। উন্নয়নমূলক প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জেলার সার্বিক অগ্রগতি আরও জোরদার হবে বলেই মনে করা হচ্ছে।

