আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ সেপ্টেম্বর:’বিজেপি নবান্ন অভিযানে নিজেদের কর্মীকে বলির পাঁঠা করে রাজনৈতিক ফায়দা লুটতে পারে’ দাবি তৃণমূলের। এই কারণে বিজেপি কর্মীদের জলপাইগুড়িতে রাজনৈতিক এক অনুষ্ঠান থেকে সাবধান থাকার বার্তা দিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য। সোমবার জলপাইগুড়ি জেলা তৃণমূলের আহ্বানে ও যুব তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ মিছিল করা হয়।
এ দিন সমাজ পাড়া থেকে র্যালি শুরু হয়। শহর পরিক্রমা করে ডিভিসি রোডের মাদ্রাসা মাঠে গিয়ে র্যালি শেষ হয়। সেখানেই সভা হয়। এদিনের সভা থেকে বিজেপি নেতাদের আক্রমণ করা হয়। সঙ্গে বিধায়ক ও সাংসদদের বাড়ি ঘেরাও করার হুমকি দিলেন তৃণমূল। জেলা যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় র্যালির প্রথম সারিতে ছিলেন।
দেবাংশুবাবু বলেন, “শুভেন্দু অধিকারী দুই দিন আগে শহরের রাস্তা অশুদ্ধ করে গিয়েছিল। বাইরে থেকে প্রচুর লোক নিয়ে এসেছিল। তৃণমূল আজ সেখানেই সভা ও শহরে মিছিল করে শুদ্ধ করল। বিজেপি নবান্ন অভিযানে আমাদের ভয় আছে নিজেদের কর্মীদের বলির পাঠা করে প্রশাসনের চাপ দেওয়া হতে পারে। শুনছি সেখানে সাদা পোশাকে কেন্দ্রীয় বাহিনী নাকি থাকবে। আমরা হোলি খেলা পছন্দ করি, ওরা রক্তের খেলা পছন্দ করে। তাই বিজেপি কর্মীদের সাবধান থাকতে বলবো।”

