“দল কোনো ব্যক্তির নয়, দল টিম ওয়ার্ক”, বিক্ষুব্ধদের বার্তা দিয়ে, ঐক্যবদ্ধ হয়ে বাংলা দখলের টার্গেট নির্দিষ্ট করলেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ৫ মার্চ: দল কোনও ব্যক্তির নয়, দল আসলে টিমওয়ার্ক। সেই টিমের সিদ্ধান্ত কখনো ভুল হয় কখনো আবার ঠিক হয়। আমরা একটি সাংগঠনিক দল, কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটি দল নিয়েছে মনে করতে হবে। এভাবেই চিন্তন বৈঠক থেকে দলের বিক্ষুব্ধ তথা বিদ্রোহীদের বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বেশ কিছুদিন ধরেই বঙ্গ বিজেপিতে বিদ্রোহের আগুন তীব্র হয়েছে। দলের একাধিক নেতা সাংসদ বিধায়ক দলের বিরুদ্ধে মুখ খুলেছে। নেতৃত্বের একাধিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন প্রকাশ্যে, যা রীতিমতো অস্বস্তি বাড়িয়েছে দলীয় নেতৃত্বের। এই পরিস্থিতিতে নাম না করেই তাদের কড়া বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। একইসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

বিধানসভা নির্বাচনের পর থেকেই বাংলায় বিজেপর ভোট শতাংশ কমেছে। সমস্ত পৌরসভা নির্বাচনেও ভালো জায়গা করতে পারেনি বিজেপি। ১০৮টি পুরোভোটে বিজেপির ভোট ১৪ শতাংশে নেমে এসেছে। বিজেপির ভোট কমার জন্য অনেকই দলের মধ্যে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। শুধু তাই নয় দলের সাংগঠনিক সিদ্ধান্তকেও দায়ী করা হয়েছে।

এই পরিস্থিতিতে ভোটের ফলাফল এবং পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকেন সুকান্ত মজুমদার। কলকাতায় জাতীয় গ্রন্থাগারে চিন্তন বৈঠক হয়। বৈঠক শেষে সুকান্ত মজুমদার বলেন, পশ্চিমবঙ্গকে বাঁচানো দায় আমাদের। সবাইকে এক সাথে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর তা করলেই ২০২৬এ বাংলায় ক্ষমতায় বিজেপি আসবে বলেও দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি।

পুরভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলায় ভোটের নামে প্রহসন হয়েছে। রাজ্যে অলিখিত জরুরি অবস্থা চলছে। কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *