ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বনধে আংশিক প্রভাব

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ২৭ সেপ্টেম্বর: জেলায় বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকা সোমবারের ভারত বনধের আংশিক প্রভাব পড়েছে। দুই জেলাতেই অফিস-আদালত খোলা ছিল। হাট-বাজার, দোকানপাটও আংশিকভাবে খোলা রাখতে দেখা গেছে।

খড়্গপুর শহরের রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং রেললাইনে দাঁড়িয়ে পড়ে বনধ সমর্থনকারীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। তবে খড়গপুর- আদ্রা শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। ঝাড়গ্রাম ও মেদিনীপুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে এদিন পুলিশের তৎপরতায় বেশ কয়েকটি সরকারি বাস ছাড়লেও বেসরকারি বাস ও অন্যান্য যানবাহন রাস্তায় দেখা যায়নি। যে কয়েকটি সরকারি বাস চলাচল করেছে তার অধিকাংশই বনধ সমর্থনকারীদের বিক্ষোভের সামনে আটকে পড়ে। মেদিনীপুর কালেক্টরেট মোড়ে এবং ঝাড়গ্রাম পাঁচ মাথার মোড়ে বনধ সমর্থনকারী বাম কর্মীরা সরকারি বাস আটকে দেয়। সিপিএমের রাজ্য নেতা তাপস সিনহা সহ অন্যান্য বাম নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় কৃষি আইন, কর্মী ছাঁটাই, উদার বেসরকারিকরণ, পেট্রোপণ্য ও ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের ডাকা বনধ সর্বাত্মক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *