বনধের আংশিক প্রভাব গোপীবল্লভপুরে

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৯ মার্চ:
কেন্দ্রীয় সরকারের একাধিক জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে দেশের দশটি ট্রেড ইউনিয়ন এবং ফ্রেডারেশনগুলির ডাকা সারা ভারত সাধারণ ধর্মঘট গোপীবল্লভপুরে সর্বাত্মকভাবে সফল হয়েছে বলে দাবি করলেন সিপিআইএমের ঝাড়গ্ৰাম জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য পুলিন বিহারী বাস্কে। মঙ্গলবার ধর্মঘটের দ্বিতীয় দিনে সকাল থেকে গোপীবল্লভপুর বাজারে দফায় দফায় ধর্মঘটের সমর্থনে মিছিল করতে দেখা গেল সিপিএম কর্মী সমর্থকদের।

এদিন ধর্মঘটের সমর্থনে মিছিলে অংশ নিয়ে সিপিএম নেতা পুলিন বিহারী বাস্কে বলেন, এই ধর্মঘটের দাবি যেহেতু সাধারণ মানুষের পক্ষে তাই গোপীবল্লভপুরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটে অংশ নিয়েছেন।গোপীবল্লভপুর বাজারের সমস্ত দোকানপাট এদিন সকাল থেকে বন্ধ রয়েছে।সকাল থেকে গোপীবল্লভপুরের রাস্তায় বেসরকারি বাস একেবারেই দেখা যায়নি। সরকারি বাস চললেও যাত্রী ছিল হাতে গোনা।অন্য দিনগুলোর তুলনায় সাধারণ মানুষকে রাস্তায় কম পরিমাণে বেরোতে দেখা গেছে। তবে এদিন ধর্মঘট ব্যর্থ করতে গোপীবল্লভপুরে পথে নামতে দেখা যায় রাজ্যের শাসক দল তৃণমূলকে।

এবিষয়ে পুলিন বাবু রাজ্যের শাসক দলকে খোঁচা দিয়ে বলেন, কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে তৃণমূলের নীতিগত ভাবে কোনো বিরোধ নেই। তাই কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে ডাকা এই ধর্মঘটের বিরুদ্ধে এরা পথে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *