স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ ডিসেম্বর: বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে অশোক চক্রবর্তী ইস্তফা দেওয়ার পর কার্যত থমকে গিয়েছিল বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার রাজনৈতিক কর্মকাণ্ড। এই অবস্থায় আসন্ন পুরভোটের কথা চিন্তা করে বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার আহ্বায়ক পদে আনা হল রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়কে।

বিজেপির জেলা সভাপতি অশোক চক্রবর্তী ইস্তফা দেওয়ার পর আর কাউকে সভাপতি পদে বসানো হয়নি। পার্থসারথি চট্টোপাধ্যায় আহ্বায়ক পদে আসায় আগামী দিনে তাঁর জেলা সভাপতি হওয়ার আশা জিইয়ে থাকলো। আহ্বায়ক পদে আসীন হয়ে পার্থসারথিবাবু বলেন, আগামী পুরভোটে দলের সংগঠনকে চাঙ্গা করাই তাঁর প্রধান লক্ষ্য। একইসঙ্গে তিনি আশাবাদী আগামী পুরসভা নির্বাচনে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় বিজেপি ভালো ফল করবে।

