পণ্য বোঝাই ট্রাকের পার্কিং চার্জ ৮০ টাকা থেকে বেড়ে ৮০০, ক্ষুব্ধ ট্রাক চালক থেকে রফতানিকারকরা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ মার্চ: ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে পৌঁছনোর আগে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার মিলন পল্লি মাঠের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা পণ্য বোঝাই ট্রাকের পার্কিং চার্জ দিন প্রতি ৮০ টাকা করে দিতে হত। সেই পার্কিং চার্জ একলাফে বেড়ে ৮০০ টাকা হওয়ায় ক্ষুব্ধ রফতানিকারক সংস্থার মালিকরা। পার্কিং চার্জ কমানোর দাবিতে প্রতিবাদে নামেন তাঁরা। দিনের পর দিন পার্কিংয়ে দাঁড়িয়ে থাকায় বহু ট্রাকের পার্কিং বিল ছুঁয়েছে প্রায় ৩০-৩৫ হাজার টাকা। এই পরিমাণ টাকা দেওয়ার সামর্থ্য না-থাকায় শুক্রবার থেকে কোনও গাড়িই বার হল না পার্কিং থেকে। রাজ্য সরকারের এই পার্কিং চার্জ বাড়ানোর সিদ্ধান্তের জেরেই অচলাবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ বিজেপির।

বনগাঁ শহরের উপর দিয়ে এশিয়ার বৃহত্তম স্থল-বন্দর পেট্রাপোলে পৌঁছনোর ছাড়পত্র দেওয়া হয় ওই মিলন পল্লি মাঠের পার্কিং থেকেই। এত কাল এই কারবার দেখত বনগাঁ পুরসভা। সম্প্রতি ওই পার্কিং অধিগ্রহণ করে রাজ্য সরকারের পরিবহণ দফতর। তার পরেই পার্কিং চার্জে বদল এনে জারি করা হয় নয়া নির্দেশিকা। ওই নির্দেশিকায় পার্কিং চার্জ দিনের হিসেবে ৮০ টাকা থেকে বেড়ে ৮০০ হয়ে গিয়েছে। ট্রাক ভেদে কোথাও কোথাও তা ৯৬০ টাকা থেকে এক হাজার টাকাও হয়েছে। রফতানিকারক সংস্থার মালিকদের বক্তব্য, কোনও পণ্যবাহী ট্রাক মিলন পল্লি মাঠে এলেই তো তাকে ছাড়পত্র দেওয়া হয় না। অন্তত ৩০-৩৫ দিন পার্কিংয়ে গাড়ি আটকে থাকে। তার পর মেলে ছাড়পত্র। আগে যেখানে পার্কিংয়ের জন্য সব মিলিয়ে ২ হাজার ৪০০ টাকা মতো গুনতে হত, সেখানে এখন দিতে হচ্ছে ২৮ হাজার থেকে ৩০ হাজার টাকা!

পেট্রাপোল এক্সপোর্ট-ইম্পোর্ট মেনটেন্যান্স কমিটির সদস্য অসীম সেন বলেন, ‘‘রাজ্য সরকারের যে আধিকারিকরা এই নির্দেশিকা জারি করেছেন, তাঁরা হয়তো জানেন না, এখানে কোনও কোনও ট্রাক ৪০-৪৫ দিনও দাঁড়িয়ে থাকে। শুক্রবার থেকে কালীতলা মিলন পল্লি মাঠ পার্কিং থেকে কোনও গাড়ি বার করা যায়নি। কারণ, কারও কাছে এত টাকা ছিল না। এত দিন কোভিডের কারণে এমনিতেই ব্যবসার অবস্থা খারাপ। তার মধ্যে পার্কিংয়ের জন্য এত টাকা কি দেওয়া সম্ভব? পার্কিং চার্জ কমানোর দাবিতে জেলাশাসকের দফতরেও দরবার করেছেন রফতানিকারক সংস্থার মালিকরা। বিষয়টি দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে সেখান থেকে।

পার্কিং চার্জ বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, ‘‘বনগাঁর অর্থনীতি সীমান্ত-বাণিজ্যের উপর নির্ভর করে। সেখানে এত টাকা পার্কিং চার্জ! কেউ দিতে পারে নাকি! রাজ্য সরকারের এই সিদ্ধান্তে প্রভূত ক্ষতি হচ্ছে বনগাঁর ব্যবসায়ীদের।’’

তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নায়ারণ ঘোষ বলেন, ‘‘ঘটনাটা শুনেছি। দলের শীর্ষ নেতৃত্বকে আমি জানাব। সেই অনুযায়ী ব্যবস্থা করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *