মাধ্যমিকে তৃতীয় পশ্চিম মেদিনীপুরের পরিচয়

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ জুন: দ্বিতীয় স্থানাধিকারী সায়নদ্বীপ সামন্তের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তন থেকেই এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় স্থান লাভ করেছে পরিচয় পারি। তার প্রাপ্ত নাম্বার ৪৯৬। পদার্থবিদ্যা, রসায়ন এবং অংকে সে ১০০ করে নাম্বার পেয়েছে। বায়োলজিতে পেয়েছে ৯৯ এবং ইংরেজি ও বাংলা বিষয়ে পেয়েছে যথাক্রমে ৯৭ ও ৯৫ নাম্বার।

সবং ব্লকের সালিয়ারা গ্রামের বাসিন্দা পরিচয় পারি শুক্রবার সকালে জানতে পারে মেধা তালিকায় তৃতীয় হয়েছে। এর পরেই বাবা-মা সহ পরিবারের সবাই আনন্দে মেতে ওঠেন। পরিচয় জানিয়েছে, সে বিজ্ঞান বিষয়গুলিকে খুব ভালো করে দেখতো। প্রতিদিন ৬ থেকে ৭ ঘন্টা পড়াশোনা করত। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় সে।

পরিচয় জানিয়েছে, করোনা পরিস্থিতিতে স্কুলের পক্ষ থেকে তাদের খুব সহযোগিতা করা হয়েছিল। শিক্ষকরা তাদের অনলাইনে প্রশ্ন পাঠিয়ে দিতেন। সেই প্রশ্নের উত্তর পাঠানো হতো এবং ভুল থাকলে তা সংশোধন করে পাঠিয়ে দিতেন। স্কুলে কোচিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। ব্যক্তিগতভাবেও শিক্ষকদের বাড়িতে গিয়ে পড়ে এসেছি।

পরিচয়ের বাবা সুদীপ কুমার পারি ও মা বন্দনা পারি জানান, পড়াশোনার সময় খুব মন দিয়ে পড়াশুনা করতো পরিচয়। শিক্ষকরা তাকে সবদিক থেকে সহযোগিতা করেছেন। ছেলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *