BJP, Ghatal, পরিবর্তনের সংকল্প নিয়ে ‘পরিবর্তন যাত্রা’, ঘাটালে সাংবাদিক বৈঠকে বিজেপি জেলা সভাপতি তন্ময় দাস

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ: পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে রাজ্যজুড়ে শুরু হতে ৫চলা ‘পরিবর্তন যাত্রা’ উপলক্ষে শনিবার ঘাটাল সাংগঠনিক জেলায় সাংবাদিক বৈঠক করলেন তন্ময় দাস। তিনি বর্তমানে ভারতীয় জনতা পার্টি-র ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি।

সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পশ্চিমবঙ্গে বেকারত্বের সমস্যা চরম আকার নিয়েছে। অসংখ্য শিক্ষিত যুবক-যুবতী চাকরির অভাবে বেকার ভাতার জন্য লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র জমা দিতে বাধ্য হচ্ছেন। শিল্প ও কারখানার অভাব, নতুন কর্মসংস্থানের সুযোগ না থাকা এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগের ফলে রাজ্যের তরুণ প্রজন্ম হতাশার মুখে পড়েছে বলেও দাবি করেন তিনি।

তন্ময় দাস আরও অভিযোগ করেন, রাজ্যে নারীদের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে বলেও তিনি মন্তব্য করেন। তাঁর কথায়, “চাকরি নেই, শিল্প নেই, নিরাপত্তা নেই—এই পরিস্থিতির পরিবর্তন জরুরি। তাই পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চান।”

এই প্রেক্ষাপটে ‘পরিবর্তন যাত্রা’-র মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে বলে জানান তিনি। সাধারণ মানুষের সমস্যা, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা—এই সমস্ত বিষয়কে সামনে রেখেই কর্মসূচি সংগঠিত হবে বলে দাবি বিজেপি নেতৃত্বের।

আগামী দিনে জেলার বিভিন্ন এলাকায় সভা, মিছিল ও জনসংযোগ কর্মসূচির মধ্যে দিয়ে ‘পরিবর্তন যাত্রা’ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেও বৈঠকে জানানো হয়। সাংবাদিক বৈঠকে দলের একাধিক নেতৃত্ব ও কর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *